অপহরণ মামলা

চট্টগ্রামে সাবেক সেনা কর্মকর্তা কারাগারে

আপডেট : ২৫ মে ২০১৪, ২২:১৫
নগরীতে আটক সাবেক সেনা কর্মকর্তা মেজর আরিফ আহমেদকে (৪৫) কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে হাজির করা হলে শুনানি শেষে এই আদেশ দেন তিনি। আদালত সূত্র জানায়, গত ১৮ মে রাতে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় র্যাব পরিচয়ে গোলাম রাব্বানী মুন নামের এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় তাকে একটি প্রাইভেট কারে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় তারা। ব্যবসায়ীর চিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আরিফ আহমেদকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আরিফ পুলিশের কাছে নিজেকে সেনা কর্মকর্তা বলে পরিচয় দেয়। পরে অপহরণের শিকার ব্যবসায়ী গোলাম রব্বানী বাদি হয়ে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আরিফসহ আরো ৫/৬ জনকে আসামি করা হয়।