বাকৃবিতে ছাত্রদের বিক্ষোভ

সিন্ডিকেট সভায় সম্পূরক তদন্ত প্রতিবেদন কার্যকরের দাবি

আপডেট : ২৫ মে ২০১৪, ২৩:১৫
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী সায়াদ ইবনে মোমতাজের হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন আগামী সিন্ডিকেট সভায় কার্যকর করার দাবিতে গতকাল রবিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গত ১৮ মে সায়াদ হত্যার ঘটনায় গঠিত সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন উপাচার্য বরাবর জমা দেন তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. এটিএম জিয়া উদ্দিন। এদিকে আগামী ২৯ মে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা হওয়ার কথা রয়েছে। ওই সিন্ডিকেট সভায় সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলায় দোষীদের নাম উল্লেখ ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল প্রশাসন ভবনের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে মত্স্যবিজ্ঞান অনুষদে গিয়ে শেষ হয়। সেখানে তারা সমাবেশ করে।