ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো একটি অর্থনৈতিক ব্লকে এক হয়ে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের কাজ করা উচিত বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফ। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে নওয়াজ শরিফের যোগদানের সিদ্ধান্তের পর শনিবার এক টুইটার বার্তায় তিনি তার এ প্রত্যাশার কথা জানান। ভারতের দ্য হিন্দু পত্রিকা এই খবর জানিয়েছে। তবে মরিয়ম নওয়াজ শরিফ ভারত সফরে বাবার সঙ্গী হচ্ছেন না।
টুইটারে তিনি পোস্ট করেন, কেন দেশ দুটি বিভক্ত কোরিয়ার মতো কাজ করছে। কেন তারা একতাবদ্ধ ইউরোপের মতো হতে পারছে না।
মূলত এ বক্তব্যের মাধ্যমে মরিয়ম নওয়াজ শরিফ মতভিন্নতা দূর করে দুই দেশের মানুষের ভালোর জন্য একসঙ্গে কাজ করার উপর জোর দিয়েছেন।
তিনি বলেন, কেন ব্যাধি, নিরক্ষরতা এবং দারিদ্র্যের বিরুদ্ধে ভারত-পাকিস্তান একজোট হয়ে লড়াই করছে না? কেন ভারত-পাকিস্তান অতীতের জন্য কয়েদির মতো থাকবে? তাদের উচিত শত্রুতাকে সমাহিত করে নতুন করে যাত্রা শুরু করা। তিনি আরো বলেন, কাশ্মির ইস্যুতে প্রয়োজন সংলাপ, শক্তি প্রয়োগ নয়। আগ্রাসন শুধু আগ্রাসনেরই জন্ম দেয়। তার এই মন্তব্যে সীমান্তের দুই পাশেই প্রশংসা ও সমালোচনা সৃষ্টি করেছে।
সপ্তাহজুড়ে শরিফ কন্যা ভারতের আমন্ত্রণ গ্রহণের পক্ষে মত দিয়েছেন। শুক্রবার তিনি এক টুইটে বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এর মধ্য দিয়ে ভারতের নতুন সরকারের সঙ্গে আন্তরিক সম্পর্কের সূচনা হওয়া উচিত। যা মনস্তাত্ত্বিক বাধা, ভয় ও সংশয় দূর করতে সহায়তা করবে। ২০১৩ সালে পাকিস্তানের নির্বাচনের সময় বাবার পক্ষে প্রচারণায় নেমে পরিচিতি পান মরিয়ম।
