ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রবিবার দিল্লী পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথের পরদিন, আগামীকাল মঙ্গলবার দুপুর ১টায় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর সঙ্গে বৈঠক করবেন স্পিকার। একই দিন বিকাল পাঁচটায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া স্পিকার ২৮ মে বুধবার বিকালে দেশে ফিরবেন। স্পিকারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংসদ সচিবালয় থেকে গতকাল পাঠানো সংবাদ বিপ্তপ্তিতে জানানো হয়, শিরীন শারমিন দিল্লীর উদ্দেশ্যে গতকাল সকালে ঢাকা ত্যাগ করেন।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ মোদী আজ সোমবার ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন। মোদীর চাওয়া অনুযায়ী তার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সার্কভুক্ত সব দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানায় ভারত। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বনির্ধারিত সফরে জাপানে গেছেন। সেজন্য তার পক্ষে শপথ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করছেন স্পিকার।
