নরেন্দ্র মোদী তার শপথ অনুষ্ঠানে বিশ্বব্যাপী তিন হাজার গণ্যমান্য অতিথির পাশাপাশি নিজ রাজ্য গুজরাটের এক চা ওয়ালাকেও আমন্ত্রণ জানিয়েছেন। এ সেই চা ওয়ালা যিনি লোকসভা নির্বাচনে মোদীর প্রার্থিতার প্রস্তাব দিয়েছিলেন। মোদী গতমাসে গুজরাটের বডদোরায় বিজেপি থেকে মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার প্রার্থিতার প্রস্তাব দেয়া ৫ সমর্থকের ইনিও একজন। -বিডিনিউজ
লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সাফল্য পাওয়ার পর ২৬ মে ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা ও গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী মোদী। তার ইচ্ছা আনুযায়ী এবারই প্রথমবারের মতো সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদেরকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি ভবনের এ অনুষ্ঠানে দেশি-বিদেশি গণ্যমান্য অতিথিদের সঙ্গে যোগ দেবেন ওই চা ওয়ালা। নাম কিরণ মাহিদা।
০০০০০০০
মোদীর বিশ্বস্ত বলয় এবার গুজরাট ছেড়ে দিল্লিতে
আম-জনতার কাছে সব ক’টিই অপরিচিত নাম। মিল একটাই। সকলেই ‘টিম মোদী’র সদস্য। কেউ মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারী। কেউ আবার শুধুই ব্যক্তিগত সহকারী। কেউ আবার শিল্পে চনমনে গুজরাট (ভাইব্র্যান্ট গুজরাট) গড়ার দায়িত্বে। কেউ বিজেপি এবং আরএসএসের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব সামলান। কেউ আবার গুজরাট তথা মোদীর হয়ে দিল্লিতে বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ রাখেন। গত একবছর ধরে এঁরাই রয়েছেন মোদীর চারপাশে। আমলা-ব্যক্তিগত সহকারীদের একটাই দল কাজ করে চলেছে গুজরাটের মুখ্যমন্ত্রীর দফতরে। মোদীও তার এই নিজস্ব দলের উপর আস্থা রেখেছেন। তারাও এই আস্থার অমর্যাদা করেননি। গুজরাটের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এবার সেই দলেরই একটা বড় অংশ উঠে আসবে প্রধানমন্ত্রীর সচিবালয়ে।
