ব্যান্ডসংগীত চর্চা করছেন এমন শিল্পীরা মিলে গত ১৯ মার্চ গড়ে তোলেন নতুন সংগঠন সোসাইটি অব মিউজিক্যাল ব্যান্ডস বাংলাদেশ (এসএমবি)। ২৩ মে রাজধানীর গুলশানে স্যাফরন রেস্টুরেন্ট প্রাঙ্গণে দিনব্যাপী এক কনসার্টের আয়োজন করেন তারা। কিন্তু বিধিবাম। দুপুরের পর বৃষ্টির কবলে পড়ার কারণে কনসার্ট জমে উঠার কথা থাকলেও শেষ পর্যন্ত জমে ওঠেনি।
প্রায় ২০টি ব্যান্ডের মেলবন্ধন ছিল এ কনসার্ট। প্রথম দিকে লোকজনের আগমন বেশি হলেও বিকেলের পর এসএমবির কালো টি-শার্ট পরিহিত লোকজনই বেশি চোখে পড়ে। তবে বৃষ্টির কারণেই এমনটা হয়েছে বলেই জানালেন সংগঠনের সভাপতি মেহেমুদ আফ্রিদি টনি ও সাধারণ সম্পাদক এরশাদ।
এরপরও রক মিউজিকের এই প্লাটফর্মে যেন নতুন তারুণ্যের জয়ধ্বনি শোনা গেল।
