বিয়ের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি অতপর অন্তঃসত্ত্বা এবং হত্যা মামলায় গাজীপুরে মো. জাহাঙ্গীর (২০) নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ ফাতেমা নজীব। জাহাঙ্গীর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বন্দাবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের আমতৈল গ্রামের মৃত আব্দুস সামাদের মেয়ে শিল্পীকে (১৮) বন্দাবাড়ি গ্রামের সাইকেল মেকানিক জাহাঙ্গীর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং শ্লীলতাহানি করে।
এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে শিল্পী জাহাঙ্গীরকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে জাহাঙ্গীর ২০১১ সালের ৪ সেপ্টেম্বর রাতে মোবাইল ফোনে শিল্পীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরেরদিন সকালে আমতৈল-বোয়ালি সড়কের পাশে গজারী বনের ভেতর থেকে শিল্পীর লাশ উদ্ধার করে পুলিশ।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে হত্যা মামলায় মো. আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে মানিকগঞ্জ জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির। আসামি আনোয়ার হোসেন জামিন প্রাপ্তির পরে থেকে পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, অত্র মামলার ১নং আসামি মো. আনোয়ার হোসেনের সাথে আকলিমা আক্তারের সাথে অবৈধ সম্পর্কের জেরে গর্ভবতী হয়ে পড়েন। আনোয়ার এ অভিযোগ থেকে পরিত্রাণের উপায় হিসেবে ২০০৫ সালের জানুয়ারি মাসে আকলিমাকে হত্যা করে। অপর দুই আসামি আয়নাল মিয়া ও রুহুল আমিনের বিরুদ্ধে কোন প্রমাণ না থাকায় এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
