ঢাবি শিক্ষক চাকরিচ্যুত ৪৩ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ২৬ মে ২০১৪, ২৩:০৫
পিএইচডি ডিগ্রির থিসিস জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের ৪৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং ৫৯ শিক্ষার্থীকে আর্থিক জরিমানা করা হয়েছে। গত রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া শিক্ষক হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নূরউদ্দিন আলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ২০১০ সালে ‘দি প্রাকটিসেস অব মার্কসিজম এ্যান্ড দেয়ার ইমপ্যাক্ট অন মডার্ন ওয়ার্ল্ড : দ্য কেস অব অবজেকটিভাইজেশন’ শীর্ষক গবেষণার জন্য নূরউদ্দিনকে পিএইচডি ডিগ্রি দেয়। তার পিএইচডির গবেষণাপত্র (থিসিস পেপার) নিয়ে সন্দেহ হলে ২০১২ সালের ১ জুন ভিসির নিকট ঐ শিক্ষকের পিএইচডি গবেষণাটি পুনর্মূল্যায়নের জন্য লিখিত আবেদন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৫ শিক্ষক। এ আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তে গবেষণায় মনগড়া তথ্য সংযোজনের প্রমাণ পাওয়ায় নূরউদ্দিনের পিএইচডি প্রত্যাহারের সুপারিশ করে তদন্ত কমিটি। এর প্রেক্ষিতেই সিন্ডিকেট নূরউদ্দিন আলোকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয় বেশ কয়েকজন শিক্ষককে সভায় উপস্থিত থাকার জন্য বলা হলেও তারা সভায় উপস্থিত থাকেনি। বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস সূত্রে জানা যায়, সিন্ডিকেট সভায় গত বছরের ডিসেম্বর মাস থেকে এ বছরের এপ্রিল মাস পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় নকল ও অসদুপায় অবলম্বন করায় ১০২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও আর্থিক জরিমানা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের ২৫জন এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিক্যাল ও সাধারণ কলেজের ৭৭ জন। এর মধ্যে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এদের মধ্যে ৩৩ জন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এএম আমজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে স্থায়ী চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া পরীক্ষার হলে নকল ও দায়িত্বরত শিক্ষকদের সাথে অসদাচরণে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের ১০২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও আর্থিক জরিমানা করা হয়েছে।