বেসরকারি খাতে প্রায় ১৭ কোটি ডলার বিদেশি ঋণ অনুমোদন

আপডেট : ২৬ মে ২০১৪, ২৩:০৫
বেসরকারি খাতে ১৬ কোটি ৯১ লাখ ডলারের (প্রায় এক হাজার ৩০২ কোটি ৪৫ লাখ টাকা) বিদেশি ঋণ অনুমোদন করেছে এ সংক্রান্ত বাছাই কমিটি। ১৩টি প্রকল্পের অনুকূলে এ ঋণ অনুমোদন করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। গতকাল সোমবার কমিটির ৮৪তম সভায় বেসরকারি খাতের ১৩টি প্রকল্পের জন্য এই ঋণ অনুমোদন করা হয়। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই ঋণের সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে লন্ডন ইন্টার ব্যাংক সুদহার (লাইবর) ৪ দশমিক ৫০ শতাংশ। ঋণ অনুমোদন দেওয়া হয়েছে এয়ারটেল, বাংলাদেশ লিমিটেডকে ১০ কোটি ডলার, সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডকে ২ কোটি ৫০ লাখ ডলার, মাওনা ফ্যাশন লিমিটেডকে ১ কোটি ৪০ লাখ ডলার, ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিসেস লিমিটেডকে ৫০ লাখ ডলার, স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেডকে ৭০ লাখ ডলার, স্ট্যান্ডার্ড গ্রুপ লিমিটেডকে ৫০ লাখ ডলার। এছাড়া বাকি অর্থ ৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মূলধনী যন্ত্রপাতিসহ অন্যান্য যন্ত্রপাতি আমদানিতে ব্যয় করতে এ ঋণ অনুমোদন করা হয়েছে।