রাজশাহীতে শিবির নেতা ধরতে গিয়ে হামলায় তিন পুলিশ আহত

আপডেট : ২৬ মে ২০১৪, ২৩:০৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রশিবির নেতা আফজাল হোসেনকে ধরতে অভিযান চালানোর সময় পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তিন পুলিশ আহত হয়েছে। পুলিশ জানায়, রবিবার রাত পৌনে ১১টার দিকে রাবি সংলগ্ন চৌদ্দপাই এলাকায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন এবং শিবির কর্মী শহিদুজ্জামান বাবুকে আটকের জন্য মতিহার থানা পুলিশের একটি দল অভিযান চালায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে ১৪/১৫ জন শিবির নেতাকর্মী পুলিশের ওপর ককটেল হামলা চালায়। এ সময় হামলাকারীদের প্রতিহত করতে পুলিশ রাবার বুলেট, টিয়ারসেল এবং ফাঁকা গুলিবর্ষণ করলে উভয়পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশের এসআই মাসুদ রানা এবং কনস্টেবল রাকিব ও শাহীনুর আহত হন। পরে ঘটনাস্থল থেকে আফজাল হোসেনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। এ ঘটনায় মতিহার থানায় পুলিশের ওপর ককটেল হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে পৃথক মামলা হয়েছে। নগরীর মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, আটক শিবির নেতা আফজালের বিরুদ্ধে শুধু মতিহার থানাতেই হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাবি শাখা ছাত্রশিবিরের নেতাদের দাবি, আফজাল হোসেন ও শহিদুজ্জামান বাবুকে পুলিশ গত শনিবার রাতে নগরীর কাজলা থেকে আটক করে। কিন্তু মতিহার থানা পুলিশ তাদের আটকের সত্যতা রবিবার সন্ধ্যা পর্যন্ত স্বীকার করেনি। বরং গভীর রাতে কথিত আটক অভিযানের নামে শিবির নেতা আফজালের পায়ে গুলি করা হয়। এরপর পুলিশ উল্টো শিবিরের বিরুদ্ধেই ককটেল হামলার অভিযোগ চাপাচ্ছে।