লক্ষ্মীপুরে এবার যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা

আপডেট : ২৬ মে ২০১৪, ২৩:১০
দুই আওয়ামীলীগ নেতা খুনের রেশ কাটতে না কাটতেই এবার লক্ষ্মীপুরে খুন হলো রোমান নামে এক যুবলীগ কর্মী। লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। গতকাল সোমবার সকালে তার গলাকাটা লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত রোমান হোসেন (২২) বিরাহিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ও বশিকপুর ইউনিয়নের যুবলীগের কর্মী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতে অস্ত্রের মূখে রোমানকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। ভোরে নামাজ পড়তে আসা মুসল্লিরা ঐ ইউনিয়নের মদনপুর গ্রামের রাস্তার পাশে তার গলা কাটা লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেন। সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোমানের লাশ উদ্ধার করে এবং সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয় দত্তপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত রোমানের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু বলেন, বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা আমার দলের যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে। আমি এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করছি।