আবাসনখাত মালিকদের সংগঠন রিহ্যাবের (২০১৪-১৫) কার্যকরী পরিষদের নির্বাচনের সকল কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রিহ্যাব নির্বাচনী বোর্ড গত ৬ মার্চ নির্বাচনী তফসিল ঘোষণা করে। তফসিলে ৩১ মে নির্বাচন ও ৭ জুন চূড়ান্ত ফলাফল ঘোষণার জন্য দিন ধার্য করা হয়। এছাড়া যাচাই-বাছাইয়ের পর গত ৭ মে নির্বাচনী বোর্ড ৭৭ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে। ১৪ মে প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের জন্য দিন ধার্য করা হয়। কিন্তু নির্বাচনী বোর্ড এই বৈধ প্রার্থী তালিকা হতে ৫৬ জনকে বাদ দেয়। এই বাদ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন প্রাসাদ নির্মাণ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
আবেদনে বলা হয়, কোন কারণ দর্শানো ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রার্থী তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আবেদনের পক্ষে আইনজীবী এএম আমিনউদ্দিন ও রাগীব রউফ চৌধুরী এবং বাণিজ্য সচিবের পক্ষে এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় শুনানি করেন। শুনানি শেষে নির্বাচন স্থগিতের পাশাপাশি রুল জারি করে হাইকোর্ট।
