জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবারের অনার্স ফাইনাল পরীক্ষায় অন্যরকম এক কৃতিত্ব অর্জন করলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি তরুণী সাদিয়া ইফফাত মজুমদার। যুক্তরাষ্ট্রে বসবাস করেও সিলেট এমসি কলেজ থেকে অনার্স পরীক্ষায় অংশ নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি। তার এমন সাফল্যে পরিবারসহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চলছে আনন্দের বন্যা। সাদিয়া ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষে এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। অনার্স ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষায় ভালো ফলাফল করে বিভাগের সেরা ছাত্রী ছিলেন তিনি। কিন্তু ৪র্থ বর্ষের পরীক্ষার সময় তার পরিবার যুক্তরাষ্ট্রে চলে গেলে সাদিয়াকেও যেতে হয় তাদের সঙ্গে। যে কারণে আর পরীক্ষা দেওয়া হয়নি তার। মাত্র একটি পরীক্ষায় অংশ নিতে পেরেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে গিয়ে সাদিয়া মুখোমুখি হন জীবন সংগ্রামের। চাকরি নেন একটি স্কুলে। কিন্তু থেমে থাকেননি সাদিয়া। কখনও সুযোগ হলে দেশে গিয়ে ফাইনাল পরীক্ষা দেওয়ার স্বপ্ন লালন করতে থাকেন মনে মনে। তাই দেশ থেকে বই নিয়ে এসে প্রস্তুতি নিতে থাকেন পরীক্ষার। চাকরির পাশাপাশি চলে পরীক্ষারও প্রস্তুতি। পরের বছর বোনের বিয়েতে অংশ নিতে বাবা মার সঙ্গে সাদিয়াও দেশে আসেন। এমন সময় পরীক্ষার তারিখও চলে আসে। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি! সেই সুযোগে সাদিয়া পরীক্ষায় অংশ নেন। পরে আবার চলে যান যুক্তরাষ্ট্রে। সম্প্রতি পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা যায়, এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২ শতাধিক শিক্ষার্থীকে পিছনে ফেলে সর্বোচ্চ নম্বর পেয়েছেন সাদিয়া। অনার্সে তার মোট প্রাপ্ত নম্বর ১১শ’ ৫৩।
