এসএসসি পরীক্ষায় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা শিক্ষা বোর্ডে ৭ম স্থান অধিকার করায় সংবর্ধনা অনুষ্ঠান রবিবার ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলসমূহের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মিজানুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সাফল্য অর্জন করায় জিপিএ-৫ প্রাপ্ত শিহাব হাসান নিয়ন প্রধান অতিথির কাছ থেকে একটি ক্রেস্ট গ্রহণ করেন। এ বছর শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৫০ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩২৪ জন।
