গত কয়েক দিনের টানা দরপতন থেকে কিছুটা বেরিয়ে এসেছে দেশের পুঁজিবাজার। আগের দিন সামান্য বৃদ্ধি পেলেও গতকাল সূচকের মাঝারি ধরনের উন্নতি হয়েছে। আগের দিনের তুলনায় দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৫ পয়েন্টেই অবস্থান করছে। সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বেড়েছে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল খাতসহ বেশিরভাগ কোম্পানির দর বাড়ার কারণে সূচকের এ উন্নতি হয়েছে।
একইভাবে ডিএসইর নতুন চালু করা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯শ ৮৫ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৪০ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেশি। সোমবারে সেখানে মোট ২৩৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেশিরভাগ কোম্পানির দর বাড়ার কারণে সব ধরনের সূচকই বেড়েছে। দিনশেষে সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১০৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ৬২৮ পয়েন্ট। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৮২টির এবং ২৬টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে আগের দিনের মতোই ১৭ কোটি টাকা লেনদেন হয়েছে।
