হিরো ডাকায় চটেছেন বিদ্যা!

আপডেট : ২৭ মে ২০১৪, ২১:১১
‘আমি চাই না আমাকে হিরো বলা হোক। আমি ক্যারিয়ারের প্রথম থেকেই দেখে এসেছি বলিউডে ছবি হিট হলে নায়কের জয়। আর ফ্লপ হলে নায়িকার পরাজয়। অদ্ভুত এই সমীকরণ থেকে বের হওয়ার জন্যই আমি নারীপ্রধান চলচ্চিত্রগুলো করেছি। আমাকে কেউ হিরো বললেই গা জ্বলে যায়। কেন হিরোইন বা অভিনেত্রী বলতে অসুবিধা কোথায়। আমি মনে করি পারিশ্রমিকের দিক থেকেও হিরো-হিরোইনদের যে বৈষম্য এটা দূর করা উচিত বলিউডে। গত দুই বছর ধরে নায়কপ্রধান ছবির চেয়ে একাধিক নায়িকাপ্রধান চলচ্চিত্র ব্যবসাসফল ও আলোচনায় এসেছে।’ হঠাত্ করেই বিদ্যা বালানের এমন মন্তব্যেও অনেকেই প্রশংসা করেছেন। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে নিজের অভিনীত ছবি একাই কাঁধে বয়ে নিয়ে চলেছেন বিদ্যা বালান। ‘ডার্টি পিকচার’-এর পর জাতীয় পুরস্কার, ‘কাহানি’র পর অসংখ্য প্রশংসা সবকিছুর মধ্যেই জুটেছে আরও একটি তকমাও—বলিউডের হিরো। তবে এ তকমায় খুশি তো ননই, বরং বেশ কিছুটা ক্ষুব্ধ হয়েছেন বিদ্যা। তার মতে এই ধরনের তকমা অত্যন্ত পুরুষতান্ত্রিক।