থাইল্যান্ডে অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির সকল নির্বাহী ক্ষমতা গ্রহণের পর সেনাপ্রধান জেনারেল প্রায়ুথ চ্যান ওচা বলেছেন, সেনাবাহিনীর অভ্যুত্থানের প্রতি রাজা ভূমিবল আদুলায়েজের সমর্থন রয়েছে। সাদা সামরিক পোশাক পরে সোমবার সকালে রাজধানী ব্যাংককে আনুষ্ঠানিকভাবে তিনি রাজার অনুমোদন ্লাভ করেন। এতে করে সামরিক পরিষদের প্রধান হিসাবে আনুষ্ঠানিকভাবে দেশ পরিচালনার জন্য নিযুক্ত হলেন তিনি। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ৮৬ বছর বয়সী রাজা ভূমিবল আদুলায়েজ।রাজার অনুমোদন লাভের পর সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধান প্রায়ুথ চ্যান ওচা বলেন, আমরা চাই গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করুক। গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তরের জন্যই আমরা কাজ করছি। তবে কবে নাগাদ সেটি করা হবে তা তিনি নিশ্চিত করেননি। তিনি বলেন, দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি হলেই গণতান্ত্রিক সরকার ফিরে আসবে। নিজের বক্তব্য শেষ করার পর তিনি সাংবাদিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি আমার সাথে অনেক কথা বলেন তাহলে আমি কাজ করার সময় পাবো না। তাই আমাকে বেশি প্রশ্ন করবেন না।
সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর সাধারণ জনগণের সামনে আসেননি রাজা। তিনি বা তার পরিবারের পক্ষ থেকে সেনা অভ্যুত্থানের বিষয়ে কিছু বলা হয়নি। তবে ঐ রাজকীয় বিবৃতিতে বলা হয়, দেশে আইন-শৃঙ্খলা রক্ষার্থে, শান্তি ফেরাতে এবং দেশের ঐক্যের স্বার্থে জেনারেল প্রায়ুথ চ্যান ওচাকে দেশ পরিচালনায় ন্যাশনাল কাউন্সিল অব পিস এন্ড অর্ডারের প্রধান নিযুক্ত করেছেন রাজা।
