ইউক্রেনের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ‘সংলাপের দ্বার খোলা’ আছে বলে জানিয়েছে রাশিয়া।
ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলে ধনকুবের পেট্রো পোরোসেনকো জয়ের আভাসে রাশিয়া একথা জানাল।
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সামরিক অভিযান অবশ্যই বন্ধ হতে হবে বলেও জানিয়ে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র সের্গেই ল্যাভরভ। মস্কোর এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেছেন, ‘আমরা কিয়েভের প্রতিনিধিদের সঙ্গে, পেট্রো পোরোসেনকোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।’
আলোচনায় ইইউ কিংবা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রয়োজন পড়বে না বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ইউক্রেইনের চলমান সামরিক অভিযানও ‘মারাত্মক ধরনের ভুল’ হিসাবে গণ্য হবে বলেও ল্যাভরভ মন্তব্য করেন। ওদিকে, পোরোসেনকো বলেছেন, তিনি শিগগিরই রাশিয়ার নেতাদের সঙ্গে কথা বলবেন।
আগামী মাসের শুরুতেই রুশ নেতাদের সঙ্গে এ বৈঠক হওয়ার আশা প্রকাশ করেন পোরোসেনকো। কিন্তু যে কোনো সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী তত্পরতার বিরুদ্ধেও তিনি কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
