সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের প্রাক্তন সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক চারটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলাগুলো অনুমোদন দেয়া হয়।
যাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়া হয়েছে তারা হলেন— নাগবাড়ী ইউনিয়ন পরিষদের প্রাক্তন সচিব (বর্তমানে গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব) মো. আরিফুর রহমান, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য (সংরক্ষিত মহিলা আসন) মলি চৌধুরী, প্রকল্প সভাপতি মো. মুকুল, মো. নিজাম উদ্দিন ও মহল্লাদার (চৌকিদার) মো. মাইন উদ্দিন। প্রতিটি মামলায় নাগবাড়ী ইউনিয়ন পরিষদের প্রাক্তন সচিব আরিফুর রহমান আসামি হিসেবে রয়েছেন।
দুদক সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নে এলজিএসপির (লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট) আওতায় নাগবাড়ী ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে নলকূপ সরবরাহ প্রকল্পে মোট সাত লাখ ৫৯ হাজার ৯৯৫ টাকা বরাদ্দ দেয়া হয়। উল্লিখিত পাঁচজন পরস্পর যোগসাজশে ওই বরাদ্দকৃত অর্থের মধ্যে তিন লাখ ১৭ হাজার ৮২১ টাকার কাজ করে অবশিষ্ট মোট ৪ লাখ ৪২ হাজার ১৭৪ টাকা আত্মসাত্ করেন।
