রাজশাহীতে পুকুর ভরাট বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ

আপডেট : ২৭ মে ২০১৪, ২২:৩০
রাজশাহী শহরের পুকুর ভরাট ও দখল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজশাহী জেলা প্রশাসন ও সিটি মেয়রকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে সাগরপাড়া এলাকার পুকুর ভরাটের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন। পাশাপাশি সাগরপাড়া এলাকার ভরাটকৃত পুকুর থেকে মাটি ও বালি অপসারণের কেন নির্দেশ দেয়া হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এছাড়া শহরের সকল পুকুরের বর্তমান অবস্থা উল্লেখ করে একটি তালিকা এক মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়। রাজশাহী শহরের সাগরপাড়া এলাকার পুকুর ভরাট নিয়ে গত ২১ এপ্রিল একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে রিট দায়ের করেন।