স্পেনকে এড়ানো গুরুত্বপূর্ণ

আপডেট : ২৭ মে ২০১৪, ২২:৪১
নিজের দেশে বিশ্বকাপ। আর দেশবাসীর সামনে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার আশায় দিন গুণছেন ব্রাজিলের খেলোয়াড়রা। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে যে কোন মুহূর্তে স্পেনকে এড়াতে হবে বলে উত্তরসুরীদের সতর্ক করে দিয়েছেন পেলে। যদিও দুই দলের যে কোন একটি গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হলে তাদের দেখা হয়ে যেতে পারে দ্বিতীয় রাউন্ডেই। পুরুষদের ম্যাগাজিন জিকিউকে দেয়া সাক্ষাত্কারে তিনবারের বিশ্বকাপ শিরোপাজয়ী পেলে বলেন, ‘ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্পেনকে এড়ানো। দুর্দান্ত একটা দল তারা (স্পেন)। তারা দারুণ গোছালো এবং দুর্বল জায়গাও নেই তাদের। তবে ব্রাজিলের দৃষ্টিকোণ থেকে ভাবলে তাদের একটা ব্যাপারই আমাদের জন্য ইতিবাচক, সেটা হচ্ছে- তারা খুব পরিচ্ছন্ন ফুটবল খেলতে পছন্দ করে।’ স্পেনের খেলার ধরনই ব্রাজিলকে তাদের বিরুদ্ধে সুযোগ বাড়িয়ে দেবে জানিয়ে সর্বকালের অন্যতম সেরা এই ক্রীড়াবিদ বলেন, ‘তারা খেলতে পছন্দ করে এবং প্রতিপক্ষের খেলা নষ্ট করার দিকে তাদের খুব একটা নজর থাকে না। ব্রাজিলের মতো একটা দলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেন আধুনিক ফুটবল খেলতে পছন্দ করে। ব্রাজিলিয়ানদের মতোই তারা জায়গা নিয়ে খেলার চেষ্টা করে।’ মধ্যমাঠ কিংবা রক্ষণে ব্রাজিলিয়ানদের তেমন কোন সমস্যা চোখে না পড়লেও আক্রমণভাগ নিয়ে কোচ লুইস ফেলিপে স্কলারির আরেকটু ভাবার সুযোগ আছে বলেও মন্তব্য করেছেন পেলে। ক্লাব পর্যায়ে এক হাজারেরও বেশি গোলের মালিক বলেন, ‘এবছর আমাদের এমন একটা দল আছে যারা মধ্যমাঠ থেকে নিচের দিকে যথেষ্টই গোছানো। এখন আমাদের কাজ হচ্ছে আক্রমণভাগটা গুছিয়ে নেয়া।’ -ওয়েবসাইট