লংগদু উপজেলার বড় উল্টাছড়ি গ্রামের দুই ভাই প্রিয়ময় চাকমা কার্বারী ও সুষময় চাকমাকে রাতের বেলায় অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহূত দুইজনই সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সমর্থক।
জানা গেছে, সোমবার রাত এগারটার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী সোনাগাজী চাকমার বাড়িতে হানা দিয়ে তার দুই পুত্র প্রিয়ময় চাকমা ও সুষময় চাকমাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোন হদিস পাওয়া যায়নি।
এদিকে উপজেলা জনসংহতি সমিতির (সন্তু লারমা) সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা জানান, জেএসএস (সংস্কার) গ্রুপের বাঘাইছড়ি শাখার লিডার জুপিটার চাকমার নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দুই ভাইকে অপহরণ করেছে। তবে সংস্কার গ্রুপের তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এ ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
