অবশেষে রাজশাহী বিভাগে চলমান পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি চলাচল ও পুলিশের চাঁদাবাজি বন্ধসহ ৬ দফা দাবিতে ডাকা ধর্মঘটে তৃতীয় দিনের মত গতকাল মঙ্গলবারও অচল ছিল উত্তরাঞ্চলের ১৬টি জেলা। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। রাজশাহী ও রংপুর থেকে মৌসুমি ফলসহ সবজি পরিবহন বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন বাগান মালিক ও ব্যবসায়ীরা।
মঙ্গলবার রাতে বগুড়ায় অনুষ্ঠিত বিভাগীয় পরিবহন (বাস-ট্রাক) মালিক-শ্রমিক ঐক্যপরিষদ নেতৃবৃন্দের যৌথসভায় চলমান ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়। সভায় আগামী ৭ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়। সংগঠনের সদস্য সচিব ও রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি ধর্মঘট স্থগিতের সত্যতা নিশ্চিত করেন। তিনি ইত্তেফাককে বলেন, সোমবার বিভাগীয় কমিশনারের আহবানে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর পরিবহন মালিক-শ্রমিকদের ৬ দফা দাবি বাস্তবায়নে প্রশাসনিক তত্পরতা শুরু হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বগুড়ায় মালিক-শ্রমিক নেতৃবৃন্দের যৌথসভায় পরিস্থিতি মূল্যায়ন করে চলমান ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, ৬ দফা দাবিতে গত রবিবার ভোর ৬টা থেকে পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের ব্যানারে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। তিন দিন ধরে চলমান পরিবহন ধর্মঘটে শুধু পরিবহন খাতেই এ অঞ্চলের আর্থিক ক্ষতি ৩শ’ কোটি টাকা ছাড়িয়েছে বলে অনুমান সংশ্লিষ্টদের। এছাড়া হুমকির মুখে পড়ে অর্থনীতি। পরিবহন ধর্মঘটের কারণে তিন দিন ধরে সোনামসজিদ ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকে।
