দেশের প্রায় ৫ লাখ ছিটমহলবাসী এবারও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন না। ছিটমহলের বাসিন্দাদের বাদ রেখেই গত ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময়ের সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় ছিটমহলবাসীকে ভোটার তালিকায় যুক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম ইত্তেফাককে বলেন, আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহলের বিষয়টি নিষ্পত্তি হওয়ায় ওই এলাকার ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে যেসব ছিটমহল বিনিময় অনিষ্পত্তি অবস্থায় রয়েছে, আপাতত সেগুলোয় ভোটার করা হবে না।
এর আগে ২০১২ সালের ১০ মার্চ ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমে ছিটমহলবাসীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছিল ইসি। এর অংশ হিসেবে এপ্রিল মাসে ছিটমহলগুলোয় প্রবেশে ভারত সরকারের অনুমতির জন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় কমিশন। এছাড়াও কমিশন থেকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং রংপুরের বিভাগীয় কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হয়। তত্কালীন কমিশনের চিঠির জবাবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ছিটমহল বিনিময় বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। ছিটমহল বিনিময় নিষ্পত্তি হওয়ার পর সংশ্লিষ্ট এলাকার ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে। ফলে ছিটমহল বিনিময় প্রক্রিয়া নিষ্পত্তি না হওয়ায় এবারও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা ভোটার হতে পারছেন না। ইসি সূত্রে জানা গেছে, দহগ্রাম-আঙ্গরপোতা ২৪ ঘন্টা খোলা থাকায় এ ছিটমহলে প্রবেশের কোন অনুমোদনের প্রয়োজন পড়বে না। এ জন্য শিগগিরই এই ছিটমহলের ভোটারদের হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। সর্বশেষ ১৯৯০ সালে ছিটমহলবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপর যতবারই ভোটার তালিকা তৈরি হয়েছে ততবারই ছিটমহলবাসীকে ভোটার করার ক্ষেত্রে কোন উদ্যোগ নেয়া হয় নি। ফলে এ দেশের নাগরিক হয়েও ছিটমহলগুলোর বাসিন্দারা (আঙ্গরপোতা ও দহগ্রাম ছাড়া) গত ২৪ বছরেও ভোটার হতে পারেন নি।
নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্টরা জানান, গত ভোটার হালনাগাদ কার্যক্রমে ভোটার করতে লালমনিরহাট, পঞ্চগড় ও কুড়িগ্রামের জেলার নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ জেলার অধীন বাংলাদেশের ছিটমহলের তালিকা কমিশনে পাঠিয়েছিলেন। কিন্তু এসব ছিটমহলের জনসংখ্যার হিসাব তারা সরবরাহ করতে পারেননি।
