তালায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থি কমান্ডার নিহত

আপডেট : ২৭ মে ২০১৪, ২৩:১৮
সাতক্ষীরার তালায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার গফফার পাড় (৪০) নিহত হয়েছেন। নিহত গফফার তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামের আবু পাড়ের ছেলে। এসময় তার সহযোগী কাজী সাইফুল ইসলাম (৪২) গুলিবিদ্ধ হয়েছেন। সে সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের মৃত কাজী আব্দুল ওহাবের ছেলে। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যরা হলেন- মহিদুল ইসলাম ও হাফিজ উদ্দীন। নিহত গফফার পাড়ের বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ দেড় ডজন মামলা রয়েছে এবং গুলিবিদ্ধ সাইফুলের বিরুদ্ধে সাতক্ষীরার স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক আলাউদ্দীন হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু বকর সিদ্দিক জানান, মাগুরা এলাকার টেংরার বিলে গাফফার ও সাইফুল ইসলামসহ ১৪-১৫ জন চরমপন্থি বৈঠক করছে বলে থানায় খবর আসে। রাত আড়াইটার দিকে পুলিশ টেংরা বিল এলাকায় পৌঁছালে চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে ১৫ মিনিট ধরে গুলিবিনিময় হয়। এক পর্যায়ে চরমপন্থিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চরমপন্থি কমান্ডার গাফফার পাড় ও সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।