নিভৃতে পথ চলছেন ড্যান্স কোরিওগ্রাফার রফিক

আপডেট : ২৮ মে ২০১৪, ১৯:৫৩
পুরো নাম রফিক সরকার। পেশায় তিনি একজন সংবাদ কর্মী। স্থানীয়ভাবে কাজ করছেন একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি হয়ে। স্থানীয় সংবাদের আদ্যোপান্ত তার জানা এটা সবাই জানেন। কিন্তু যেটা সাবাই জানেন না সেটা হচ্ছে তিনি একজন সংস্কৃতি মনষ্ক মানুষ। তার হূদয়ের সবটুকু জায়গায় আষ্টেপৃষ্ঠে আছে সংস্কৃতি। তাই তিনি নিভৃতেই পথ চলছেন স্থানীয় সাংস্কৃতিক জগতে। সবাই হয়তো জানেন না তার এ কৃর্তীর কথা। তিনি নিজেও অবশ্য কাউকে বলে বেড়ান না তার এ গুণের বিষয়টি। তাই বলে তাকে স্বার্থপর বলা যাবে না। কারণ হচ্ছে কালীগঞ্জে যে কয়জন মানুষ সাংস্কৃতি চর্চা করেন তিনি তাদের একজন। ছোটবেলায় স্বপ্ন দেখতেন সংবাদমাধ্যমে কাজ করবেন। আর সে স্বপ্নের মাধ্যমেই এখন কাজ করছেন। তিনি মনে করেন সংবাদমাধ্যমে কাজ করলে মানুষকে জানানোর চেয়ে, নিজে বেশি জানা যায়। বর্তমানে তিনি কালীগঞ্জে ঈগলস্ নামে একটি ড্যান্স একাডেমির কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন। সংবাদপত্রে কাজ করার পর যেটুকু সময় তিনি পান এর কিছু সময় পার করেন এ ড্যান্স একাডেমির সাথে। তাই তিনি কালীগঞ্জের আনাচে-কানাচে তার ঈগল ড্যান্স একাডেমি নিয়ে ছুটে বেড়ান। স্থানীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানগুলোতে স্থানীয় মানুষদের বিনোদন দেওয়ার দায়িত্ব নেন তিনি। এখানেও তিনি শতভাগ সফল মানুষ। কারণ এ দায়িত্ব তার কাঁধে বারবারই চাপে। আর এ কাজে তিনি মাত্র কিছু দিনের তালিম নিয়েছিলেন- বর্তমানে দেশ সেরা ড্যান্স গ্রুপ ঈগ্স ড্যান্স কোম্পানির কোরিওগ্রাফার সুমন রহমানের কাছে। তার ব্যস্ততার কারণে খুব বেশি সময় দিতে পারেননি তিনি। তা নাহলে হয়তো আরও কিছু রপ্ত করতে পারতেন রফিক সরকার। আর সেটা বিলিয়ে দিতে পারতেন কালীগঞ্জের মানুষের মাঝে।