তারিন। এই সময়ের একজন দর্শকনন্দিত অভিনয়শিল্পী। তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হন। শুধু অভিনয় নয়, মডেলিংয়েও সফলতা পেয়েছেন প্রত্যাশার চেয়ে অনেক বেশি। অভিনয় নিয়েই তার এখনকার ব্যস্ততা।এই গুণী শিল্পীকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ
একজন অভিনয়শিল্পীকে জনপ্রিয়তা অর্জন করতে যতটা কষ্ট করতে হয় তারচেয়ে বেশি পরিশ্রম করতে হয় সেই জনপ্রিয়তা ধরে রাখতে। জনপ্রিয় একজন শিল্পীর কাছে দর্শকদের প্রত্যাশার মাত্রা দিনকে দিন বাড়তে থাকে। তারিনের কাছেও বিষয়টি একই রকম। নিজের অর্জিত অবস্থানকে ধরে রাখার পাশাপাশি তা আরও সমৃদ্ধ করতে তিনি এখন নিজের ভাবনা ও কাজের ধারা পাল্টে ফেলেছেন। তার ভাষ্যে, ‘আমি বরাবরই চরিত্রের ব্যাপারে একটু চুজি। অভিনয়ের জায়গা আছে, এমন চরিত্রে কাজ করতে ভালো লাগে। একটি চরিত্র ফুটিয়ে তুলতে যতটা শ্রম দিতে হয় তাই দিতে চেষ্টা করি। কোনো চরিত্রে অভিনয় করে যদি নিজেই সন্তুষ্ট হওয়া না যায়, তবে তা কখনও দর্শকের মন জয় করতে পারে না।’ এটিএন বাংলায় প্রচরিত হয় তারিন অভিনীত স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘অনুচ্ছেদ ৭১’। নাটকটিতে তারিনের সাবলীল অভিনয় দর্শকের হূদয় ছুঁয়ে যায়। তারিনের অভিনয় নিয়ে পরিচালক শান্তা রহমান বলেন, ‘এই নাটকে তারিন আয়েশা চরিত্রে অসাধারণ পারফর্মেন্স করেছেন। রীতিমতো আমি মুগ্ধ। চরিত্রের গভীরে মিশে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। ঢাকার বাইরে গিয়ে অভিনয় করাটাও একজন শিল্পীর জন্য অনেক কষ্টেরও বটে।’ এর আগে জানুয়ারি মাসে এসএটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রচারিত হয় তারিন অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গল্পটি সত্যি’ নাটকটি। যা দর্শকনন্দিত হয়। ওই নাটকে তিনি দীর্ঘ আট বছর পর আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করেন। অবশ্য তারিনের অভিনয়ের শুরুর জীবন থেকে নন্দিত নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের নামটি ওতপ্রোতভাবে জড়িত। তারিন অভিনীত প্রথম নাটকে যেমন আফজাল হোসেন ছিলেন, ঠিক তেমনি প্রথম বিজ্ঞাপনে মডেলও হয়েছেন আফজাল হোসেনরই নির্দেশনায়। এরপর বিভিন্ন সময়েও তার সাথে নাটক বিজ্ঞাপনে কাজ করা হয়েছে তারিনের। সর্বশেষ আফজাল হোসেন ও তারিন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন আট বছর আগে ‘ইউ টার্ন’ নাটকে। দীর্ঘদিন পর আফজাল হোসেনের সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে কেমন লেগেছে? জবাবে তারিন বলেন, ‘আফজাল ভাই আমাদের দেশের একজন জীবন্ত কিংবদন্তি। আমাদের পারিবারিক বন্ধু তিনি। যখনই তার সাথে কাজ করি তখনই আমার জীবনে নতুন নতুন অভিজ্ঞতা যুক্ত হয়। ওই নাটকে কাজ করেও ঠিক তাই হয়েছে। এখনও কাজের প্রতি আফজাল ভাইয়ের ডেডিকেশন, গল্পের গভীরে প্রবেশ করা, চরিত্র নিয়ে খেলা এবং সর্বোপরি সবার চরিত্র নিয়ে ভেবে পুরো গল্প নিয়ে তার ভাবনা সত্যিই এখন আর কারো মাঝেই সেভাবে পাওয়া যায় না। আফজাল ভাইয়ের সাথে কাজ করা সবসময়ই আমাকে ভীষণ আনন্দ দেয়।’ এদিকে তারিকুল ইসলামের পরিচালনায় ‘বেওয়ারিশ মানুষ’ নাটকে সখিনা চরিত্রে তারিন অনবদ্য অভিনয় করেছেন। তারিন অভিনীত সাম্প্রতিক সময়ে উল্লেখ্যযোগ্য নাটকগুলো হলো—‘সন্ধিক্ষণ’, ‘জুয়াড়ি’, ‘সাংরিলা’, ‘জোছনা ও তার জল’, ‘বৃষ্টি ও রংতুলির আঁচড়’, ‘অনুচ্ছেদ ৭১’, ‘গল্পটি সত্যি’, ‘আমি বলে যাই তুমি আমার নও’, ‘জলকণা’, ‘ক্ষণিকালয়’, ‘যোগাযোগ গোলযোগ’, ‘অপরাহ্ন’, ‘বেওয়ারিশ মানুষ’, ‘কালো মখমল’ ইত্যাদি। বর্তমানে তারিন ঈদের বেশ কিছু নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে অভিনয় করলেন তিনি ঈদের জন্য নির্মিত একখণ্ডের নাটক ‘রিয়েল মার্ডার স্টোরি’তে। মাতিয়া বানু শুকুর পরিচালনায় এই নাটকে তিনি চরিত্রে অভিনয় করেছেন। এতে তারিনের বিপরীতে সমরেশ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। শুকুর নির্দেশনায় তারিনের এটাই প্রথম কাজ। তবে প্রথম হলেও কাজটি করে তারিনের ভালো লেগেছে বলে জানালেন। তার ভাষ্যে, ‘স্ক্রিপ্ট মুখস্থ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে টানা সংলাপ বলে অভিনয় করার দিন সেই কবেই চলে গেছে। এখন সেভাবে নাটক নির্মাণ করাও যেন এক দুঃসাহসিক ব্যাপার। তবে এমনকিছু নির্মাতা আছেন যারা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসেন। ঠিক তেমনি একজন নির্মাতা শুকু আপা। একদিন পুরোদিন ক্যামেরার সামনে সংলাপ মুখস্থ করে শিল্পীদের রিহার্সেল করালেন। আর পরেরদিনে পুরো নাটকের শুটিং শেষ করলেন।’ এ প্রসঙ্গে তারিন আরও বলেন, ‘আমি যখন বিটিভিতে নিয়মিত কাজ করতাম তখন ক্যামেরার সামনে শিল্পীদের সংলাপ মুখস্থ করে চর্চা করার একটি নিয়ম ছিল। কিন্তু এখন তা নেই। তবে শুকু আপা এই উদ্যোগটি নিয়ে সত্যিই দৃষ্টান্ত স্থাপন করলেন। কারণ আমি মনে করি একজন শিল্পী যদি সংলাপ মুখস্থ করে ক্যামেরার সামনে সাবলীলভাবে অভিনয় করতে পারেন তবে তার অভিনয় অনেক প্রাণবন্ত হয়ে উঠে। শুকু আপার নাটকে আমরা যারা কাজ করেছি প্রত্যেকের মধ্যেই শিল্পী মনোভাবটা ছিল। যে কারণে একজনের ভুলের জন্য একটি দৃশ্য যেন আবার শুরু থেকে করতে না হয় সে বিষয়ে সবাই খুব সিরিয়াস ছিলেন। শুধু শিল্পীরাই নন, চিত্রগ্রাহক থেকে শুরু করে সবাই খুব সিরিয়াসলি কাজটি করেছেন। আমার মনে হয় দর্শকদের নাটকটি ভালো লাগবে।’
