তামান্নার নতুন মিশন

আপডেট : ২৮ মে ২০১৪, ১৯:৫৯
মুম্বাইয়ের মেয়ে হলেও তামান্না ভাটিয়া তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকা এখন। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডে ক্যারিয়ারের বিস্তৃতি ঘটাতে হিন্দি সিনেমায় নিয়মিত হতে চাইছেন সুন্দরী এই অভিনেত্রী। গত বছর তামান্না অভিনীত ‘হিম্মতওয়ালা’ মুক্তি পায়। ছবিটি ব্যবসায়িক সফলতা না পাওয়ায় তামান্নার বলিউড মিশন শুরুতেই ধাক্কা খেয়েছে। সেই ব্যর্থতার ধকল কাটিয়ে তামান্না আবার আসছেন হিন্দি সিনেমায়। আগামী কয়েক মাসে তাকে দুটি নতুন ছবিতে দেখা যাবে নায়িকার ভূমিকায়। দক্ষিণী সিনেমার সুপারস্টার তামান্নার বলিউউ অধ্যায় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন এখন বিভিন্ন স্যাটেলাইট হিন্দি টিভি চ্যানেলে মুক্তিপ্রতীক্ষিত কমেডি ছবি ‘হামসাকল’-এর গান ও ট্রেলর দেখানো হচ্ছে হরদম। যেখানে তামান্নাকে দেখা যাচ্ছে চমত্কার মোহনীয় গ্ল্যামারাস ইমেজে। দর্শক তাকে দেখে মুগ্ধ। বলা যায়, দর্শকদের কৌতূহলী করে তুলতে পেরেছেন তিনি। ‘হামসাকল’ ছবিতে তামান্নার নায়ক সাইফ আলি খান। এরই মধ্যে তামান্না অভিনীত মুক্তিপ্রতীক্ষিত আরেকটি নতুন হিন্দি ছবি ‘ইটস এন্টারটেইনমেন্ট’-এরও প্রচারণা শুরু হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। কমেডি অ্যাকশন ধাঁচের এ ছবিতে তার বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার। এখানেও তামান্না আসছেন আবেদনময়ী ইমেজে। পাশাপাশি মুক্তিপ্রতীক্ষিত দুই নতুন ছবির প্রচারণার সুবাদে তামান্না এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। গত বছর তামান্না অভিনীত ‘হিম্মতওয়ালা’ ছবিটির ব্যর্থতাও ছিল আলোচনার বিষয়। আশির দশকের ব্লকবাস্টার হিন্দি সিনেমা ‘হিম্মতওয়ালা’র রিমেক এ দক্ষিণী তামিল তেলেগু সিনেমার শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে কাস্ট করার পর থেকে তার ব্যাপারে হিন্দি সিনেমার দর্শকরা বেশ কৌতূহলী হয়েছিল। মূল ছবিতে শ্রীদেবী অভিনীত চরিত্রটি দীর্ঘদিন পর নতুন প্রজন্মের নায়িকা তামান্না কীভাবে রূপায়ন করেন তা দেখতে আগ্রহের কমতি ছিল না। তামান্না নিজেও ‘হিম্মতওয়ালা’ ছবিটি নিয়ে অনেকটাই আশাবাদী ছিলেন। তার ধারণা ছিল, অজয় দেবগণের বিপরীতে দর্শক তাকে বিপুলভাবে গ্রহণ করবে। বাণিজ্যিক মশলায় পরিপূর্ণ হলেও ‘হিম্মতওয়ালা’ দর্শক সাদরে গ্রহণ করেনি। এ ছবির চরম ব্যর্থতা তামান্নাকে অনেকটাই অবাক করেছিল। তার বলিউডে ক্যারিয়ার বিস্তৃতির মিশন শুরুতেই এভাবে ব্যর্থ হয়ে যাবে ভাবতে পারেননি। ২৪ বছর বয়সী তামান্না বর্তমানে দক্ষিণী সিনেমায় দাপটের সঙ্গে রাজত্ব করে যাচ্ছেন। মুম্বাইয়ের মেয়ে হলেও এখন তার স্থায়ী ঠিকানা চেন্নাইয়ে। তামিল তেলেগু সিনিমায় সুপারহিট নায়িকার তক্মা অর্জন করেছেন আরও আগেই। ৯ বছর আগে রুপালি পর্দায় তামান্নার অভিষেক হয়েছিল ২০০৫-এ। হিন্দি সিনেমা ‘চাঁদ সে রোশন চেহ্রা’য় নায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন তিনি। তখন তার বয়স খুব কম ছিল। তামান্না তখন দর্শকদের আলোড়িত করতে পারেননি। হিন্দি সিনেমায় ব্যর্থ হয়ে দক্ষিণী সিনেমার অঙ্গনে পা রেখেছিলেন তিনি। তার মধ্যে চ্যালেঞ্জিং মনোভাব ছিল। চেষ্টার কমতি ছিল না। ওখানে সাফল্য পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাকে। গত সাত-আট বছরে তামান্না অভিনীত ২৮-২৯টি তামিল তেলেগু সিনেমা মুক্তি পেয়েছে যার অধিকাংশই বক্স অফিসে সফলতা অর্জন করেছে। পাশাপাশি একজন সুঅভিনেত্রী হিসেবেও নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন তামান্না। স্কুলে পড়ার সময়ে মাত্র ১৩ বছর বয়সেই সবার নজর কেড়েছিলেন তামান্না স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করে। সেই থেকে মডেলিং দিয়ে তার যাত্রা শুরু। দক্ষিণী চিত্রলোকের জনপ্রিয় প্রতিষ্ঠিত সব অভিনেতার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা তামান্নাকে অনেকটাই আত্মবিশ্বাসী করেছে। সেই আত্মবিশ্বাস থেকেই হিন্দি সিনেমায় আবার নিজের ভাগ্য পরীক্ষায় প্রয়াসী হন তিনি। ‘হিম্মতওয়ালা’ তামান্নাকে প্রত্যাশা অনুযায়ী কিছুই দিতে পারেনি। এ ছবিতে একজন গ্ল্যামারাস নায়িকা হিসেবে নিজেকে উপস্থাপনের পাশাপাশি বাণিজ্যিক ছবির যোগ্য তারকারূপে গ্রহণযোগ্য করে তোলার সর্বাত্মক প্রচেষ্টা ছিল তার। তার চেষ্টা ব্যর্থ হলেও হতোদ্যম হয়ে পড়েননি। বলিউড থেকে নিজেকে গুটিয়ে নেননি। বলা যায়, আর নতুন উদ্যমে আবার বলিউড মিশন শুরু করেছেন তামান্না। এ পর্যায়ে পর পর দুটি হিন্দি সিনেমায় তাকে দেখা যাবে। সাজিদ খান পরিচালিত ‘হামসাকল’ ছবিটি আসছে আগামী মাসে। এখানে তামান্নার পাশাপাশি বিপাশা বসু ও এশা গুপ্তা রয়েছেন অন্য দুই প্রধান নারী চরিত্রে। তারা তিনজনই নিজেদের গ্ল্যামার তুলে ধরতে রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন বলা জানা যায়। এর মাঝেও তামান্না সবাইকে ছাপিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ‘হামসাকল’ ছবিতে তাকে বিকিনি পরা অবস্থায় দেখা যাবে বিপাশা ও এশার মতো। এ ছবিটি তামান্নার বলিউড মিশন সফল করতে কতটা সফল ভূমিকা রাখবে—এ বিষয়ে নানা হিসাব-নিকাশ চলছি। কারণ তিন নায়িকার গ্ল্যামার-যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হতে না পারলে সেটা হবে তামান্নার জন্য আরেকটি বড় বিপর্যয়। এরপর আগামী আগস্টে আসছে ‘ইটস এন্টারটেইনমেন্ট’ ছবিটি। এ ছবিটিও কমেডি ধাঁচের। এখানে তামান্না একক নায়িকা হিসেবে আসছেন অক্ষয় কুমারের বিপরীতে। নিজের আবেদনময় ইমেজ, গ্ল্যামারাস পর্দা উপস্থিতি চটুল পারফর্মেন্স সবকিছুর বিনিময়ে দর্শকদের পরিপূর্ণ বিনোদন দিতে সিরিয়াসলি চেষ্টা করেছেন তিনি এ ছবিতে। আগামী দুই ছবির মাধ্যমে ‘হিম্মতওয়ালা’র ব্যর্থতার গ্লানি ভুলতে চান তামান্না। কারণ দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিজেকে জনপ্রিয় ব্যস্ত নায়িকার অবস্থানে প্রতিষ্ঠিত করতে চান তিনি। দেখা যাক, তামান্নার প্রত্যাশা কতটা পূরণ হয়।