দেখতে দেখতে শত পর্ব পূর্তি করতে যাচ্ছে বাংলাভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘অ-এর গল্প’। আগামী ৩ জুন রাত নয়টা পাঁচ মিনিটে প্রচার হবে এই নাটকের শততম পর্ব। এই প্রসঙ্গে কথা হলো ‘অ-এর গল্প’-র উপস্থাপক শামীম শাহেদের সঙ্গে। জানাচ্ছেন খালেদ আহমেদ
‘অ-এর গল্প’ এর অর্থ কী?
এটা আসলে একটি নামের সংক্ষিপ্ত রূপ। অন্যায়, অপরাধ, অন্ধকার, অতি প্রাকৃত এই ধরনের ‘অ’ দিয়ে শুরু নেগেটিভ শব্দের প্রতিনিধিত্ব করে এমন ঘটনার নাট্যরূপ দিয়ে উপস্থাপন করাই ‘অ-এর গল্প’-এর কাজ। তানভীর হোসেন প্রবালের পরিচালনা এবং আমার উপস্থাপনায় গত বছর ২ এপ্রিল ধারাবাহিক নাটকটি শুরু হয়। আগামী ৩ জুন এই নাটকের শততম পর্ব প্রচার হবে।
এই ধরনের নামকরণের কারণ কী?
আমরা সবসময় চাই বাংলাভিশনকে দর্শকের প্রয়োজনের চ্যানেল হিসেবে দাঁড় করাতে। সেই ভাবনা থেকে একসময় আমরা বাংলাভিশনে আফসানা মিমির উপস্থাপনায় শুরু করেছিলাম ‘মনের কথা’। সারা যাকের আর মেহতাব খানমের উপস্থাপনায় এখনও চলছে ‘আমি এখন কী করব?’ এই ধারাবাহিকতায় ‘অ-এর গল্প’। ঘটে যাওয়া ঘটনাগুলো এমনভাবে টেলিভিশনের পর্দায় উপস্থাপন করা হয় যাতে একজন দর্শক পুরো ঘটনাটি দেখে নিজে সতর্ক হতে পারেন।
এর প্রত্যেকটি গল্প কি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত?
বেশির ভাগই সত্য ঘটনা অবলম্বনে করা। বাকিটা সত্য ঘটনার কাছাকাছি। নাট্যরূপ দিতে গেলে তো কিছুটা এদিক সেদিক করতেই হয়। তবে মূল বক্তব্য ঠিক থাকে। আর ‘অ-এর গল্প’ এমনভাবে করা হয় যাতে দর্শকের উপকারে আসে।
বাংলাভিশন নবম বর্ষে পদার্পণ করেছে। অনুষ্ঠানপ্রধান হিসেবে আপনার ভবিষ্যত্
পরিকল্পনা কী?
এত দিন চ্যানেলটির নাটক নির্বাচনের ক্ষেত্রে রম্য ধাঁচকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন আমরা চেষ্টা করছি পরিবারের প্রয়োজনের চ্যানেল হিসেবে দাঁড় করাতে। পারিবারিক বন্ধনগুলো যাতে আরও দৃঢ় হয় সেই লক্ষ্যে আমরা এখন নাটক প্রচার করব। গল্প এবং নির্মাতা নির্বাচনেও এই বিষয়টি মাথায় রাখা হচ্ছে। পাশাপাশি দুই-তিনটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা রয়েছে। বিশ্বব্যাপী এখন আরেকটা প্রক্রিয়া দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ফিকশন এবং নন-ফিকশনকে একত্রে উপস্থাপন করা। সেই চেষ্টাটাই আমরা করব সামনের সময়টাতে।
আপনি তো এখন একটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন, ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডেরও একজন বিচারক ছিলেন, নির্দেশনাও দিচ্ছেন। এখনকার ব্যস্ততা কী নিয়ে?
চ্যানেল একটি বড় ব্যস্ততা। এর পাশাপাশি আসন্ন ঈদুল ফিতরের জন্য দুটি নাটক বানাচ্ছি। এ ছাড়া ফিল্মের প্রাথমিক কাজ সম্পন্ন। আসন্ন শীতে শুটিং করব। বিপাশা হায়াত, অপি করিম, মমতাজকে নিয়ে বিশেষ তিনটি অনুষ্ঠান নির্মাণ করব। স্কুলের ছেলেমেয়েদের নিয়ে একটা নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা আছে। দেখা যাক।
‘অ-এর গল্প’ কতদিন চলবে?
নতুন করে আরও ৫২ পর্ব করার চুক্তি হয়েছে। তবে খুব বেশিদিন চালানোর পরিকল্পনা নেই। নতুন অনেকগুলো অনুষ্ঠান প্রায় তৈরি হয়ে আছে। আশাকরি সেগুলোও দর্শকদের ভালো লাগবে।
