গতকাল বুধবার শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩২১ কোটি টাকার উপরে। টানা আট কার্যদিবস পর ডিএসইতে লেনদেন হয়েছে তিনশ’ কোটি টাকার বেশি। এদিকে একদিনের ব্যবধানে পুঁজিবাজারে সিমেন্ট খাতের লেনদেন দ্বিগুণেরও বেশি বেড়েছে। মঙ্গলবার ডিএসইতে সিমেন্ট খাতের ৭ কোম্পানির লেনদেন হয়েছে ২৭ কোটি ৬৪ লাখ ১৮ হাজার টাকা। আর গতকাল লেনদেন হয়েছে ৬২ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। এদিন লাফার্জ সুরমা সিমেন্ট শীর্ষ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে চলে আসে। কোম্পানিটির লেনদেন হয়েছে ৪১ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৩০০ টাকার। আগের দিনের চেয়ে এ শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ৫৩ শতাংশ। সবচেয়ে বেশি দর বেড়েছে মেঘনা সিমেন্টের। গতকাল এ শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৬০ টাকা। কনফিডেন্স সিমেন্টের শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ৬০ টাকা, প্রিমিয়ার সিমেন্টের দর ৩ দশমিক ৮০ টাকা, আরামিট সিমেন্টের ১ দশমিক ৪০ টাকা এবং এমআই সিমেন্টের শেয়ার দর বেড়েছে ১ দশমিক ১০ টাকা। এছাড়া এদিন বিদ্যুত্ ও জ্বালানি খাতের লেনদেনও বেড়েছে। মঙ্গলবার ডিএসই’র মোট লেনদেনে এ খাতের অবদান ৭ দশমিক ৩ শতাংশ হলেও বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২১ কোটি ২০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮১ কোটি ৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের।
