মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড মিটিং পণ্ড

আপডেট : ২৮ মে ২০১৪, ২০:৩২
মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার কারণে পণ্ড হয়ে গেছে ব্যাংকের বোর্ড মিটিং। গতকালের বোর্ড মিটিং-এ নতুন পরিচালক করার জন্য কয়েকজনের নাম প্রস্তাব করেন ব্যাংকের চেয়ারম্যান এম আমানুল্লাহ। নিয়মানুযায়ী ২০১২ সালের পরে যারা ব্যাংকের পরিচালক হবেন তাদেরকে পরিশোধিত মূলধনের ন্যূনতম পাঁচ শতাংশ শেয়ার থাকতে হবে। কিন্তু চেয়ারম্যান যাদের নাম প্রস্তাব করেন তাদের সকলের শেয়ার দুই শতাংশের বেশি নয়। বোর্ডের সদস্যরা এ বিষয়টিতে বিরোধিতা করায় বোর্ড সভা পণ্ড হয়ে যায়। বোর্ড সভা পণ্ড হয়ে যাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন কয়েকজন বোর্ড সদস্য। অবশ্য এ বিষয়ে যোগাযোগ করা হলে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম আমানুল্লাহ বিষয়টি অস্বীকার করে বলেন, বোর্ড সভায় কোন সমস্যাই হয়নি। বোর্ড সূত্রে জানা যায়, গতকালের সভায় আইন লঙ্ঘন করে ব্যাংকের চেয়ারম্যানের ছেলে তাহসিন আমান, ভাইস-চেয়ারম্যান শাহাবউদ্দিনের ছেলে শাহরিয়ার আরেফিন আলম ও পরিচালক সেলিমের ছেলে আব্দুল আউয়ালকে পরিচালক করার জন্য বোর্ড সভায় এজেন্ডা আনা হয়। যা ব্যাংকিং বিধিমালা ও সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আইনের পরিপন্থি। এ আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই এজেন্ডা নিয়ে বোর্ডের অন্য সদস্যরা আলোচনা করতে অস্বীকৃতি জানালে সভা ভেঙ্গে যায়।