১৯ জুন থেকে ঢাকায় পর্যটন মেলা

আপডেট : ২৮ মে ২০১৪, ২০:৩৩
আগামী ১৯ জুন থেকে রাজধানীর ঢাকার শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের (বিএফটিডি) উদ্যোগে এ মেলার আয়োজন করা হচ্ছে। চতুর্থবারের মত আয়োজন হতে যাওয়া এ মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও প্রতিবেশি ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম ও মায়ানমার এ মেলায় অংশগ্রহণ করবে। দর্শনার্থীরা জনপ্রতি ২০ টাকা দর্শনীর বিনিময়ে মেলায় অবস্থিত ১৬০টি স্টল পরিদর্শন করতে পারবেন। গতকাল রাজধানীর একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে বিএফটিডি’র পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, বিএফটিডি’র নির্বাহী পরিচালক রেজাউল হাকিম, সভাপতি এইচ এম হাকিম আলী, সহ-সভাপতি সুমন তালুকদার, ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াব-এর সভাপতি প্রফেসর ড. আকবরুদ্দিন, হোটেল সোনারগাঁওয়ের মহাব্যবস্থাপক ই জে ম্যাকওয়ান প্রমুখ।