পেশাদার ফুটবলের প্রতিযোগিতাপূর্ণ দুনিয়ায় বহুদিন ধরে শীর্ষস্থানীয় কোনো ক্লাব বা লিগে খেলা চাট্টিখানি কথা নয়। তবে চির সত্য এই বাক্যটাকে মিথ্যা প্রমাণ করার জন্যই যেন নিজের ক্যারিয়ারটাকে সাজিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সদ্য সাবেক তারকা ফুটবলার রায়ান গিগস। নিজের ক্যারিয়ারে অসাধারণ ধারাবাহিকতার সাক্ষর রাখা এই ফুটবল তারকা প্রিমিয়ার লিগের একটানা ২২ টি মৌসুমে মাঠে নামার রেকর্ড গড়েন। এ ছাড়া একটানা সবচেয়ে বেশি সংখ্যক ২১ টি মৌসুমে দলের হয়ে গোল করার গিনেজ রেকর্ডটিও এই তারকার দখলে।
