জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এ বছর ২৫ পেরিয়ে ২৬-এ পা রেখেছে। ‘ইত্যাদি’র এই ২৫ বছর পূর্তি উপলক্ষে সাজানো হয়েছে এর আগামী পর্ব। প্রচার হবে আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে। যেহেতু এটি ‘ইত্যাদি’র বিশেষ পর্ব তাই অনুষ্ঠানটির ব্যাপ্তিকাল হবে প্রায় দেড় ঘণ্টা। ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আঙ্গিক পরিবর্তন করা হবে না কিংবা অন্যদের মতো নতুন নতুন পদক্ষেপ নেওয়া হবে না। কারণ ‘ইত্যাদি’র প্রতিটি অনুষ্ঠানই নতুন নতুন স্থানে, নতুন পরিকল্পনা নিয়ে করা হয়। সেই অর্থে প্রতিটি অনুষ্ঠানই নতুন। ‘ইত্যাদি’র এই ২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি একটু ভিন্ন আঙ্গিকের হবে। অনুষ্ঠানটি যথারীতি উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। অনুষ্ঠানের শিল্প নিদের্শনায় রয়েছেন যথারীতি মুকিমুল আনোয়ার মুকিম। উপস্থাপকের সহকারী হিসেবে ছিলেন রানা ও মামুন। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে ১ জুন রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
