বন্দরনগর চট্টগ্রামের মীরসরাই উপজেলাধীন ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের বারইয়ারহাটে ডাকঘর নেই! মহাজনহাট (৪৩২৬)-এর শাখা ডাকঘর ‘হিঙ্গুলী’ নামে পরিচিত। সদ্য থানায় উন্নীত জোরারগঞ্জ এবং করেরহাটের প্রতিবেশী বারইয়ারহাট। কিন্তু জোরারগঞ্জ করেরহাট সাবপোস্ট অফিস থাকলেও ‘বারইয়ারহাটের শাখা ডাকঘর নেই!’ অথচ বারইয়ারহাটে ডিগ্রি কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, ধূমঘাট হাজী চানমিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়, চিনকী আস্তানা উচ্চ বিদ্যালয়, আল হেরা স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর তালিমুল কোরআন একাডেমি, হিঙ্গুলী কদমতলা ইসলামিয়া মাদ্রাসাসহ সরকারি-বেসরকারি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আবার জামারপুর মেহেদীনগর, আজমনগর, চিনিকর হাট, তালতলী, চিনকী আস্তানা, গনকছড়া ও হিঙ্গুলী গ্রামের মানুষের যোগাযোগ বারইয়ারহাটে বেশি। কিন্তু এখানে ডাকঘর না থাকায় অর্থ এবং সময় ব্যয় করে ছুটতে হচ্ছে করেরহাট অথবা জোরারগঞ্জে। এ অবস্থায়, ডাকযোগাযোগের সুবিধার জন্য বারইয়ারহাটে ডাকঘর স্থাপনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ্
বারইয়ারহাট, মীরসরাই, চট্টগ্রাম ৪৩২৬
