কী, টেনশন নিতে পারছেন না আর? প্রিয় দলের ভাগ্য এখনই জেনে ফেলতে চান!
তাহলে বুকে হাত দিয়ে বসুন। আপনাদের আর ১৩ জুলাই রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এখনই আমরা জানিয়ে দিচ্ছি ২০১৪ সালের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নের নাম ব্রাজিল। হ্যাঁ, আপনার কল্পনা মোটামুটি সত্যিই বটে। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা তুলে নিলো ব্রাজিল। এবার আর মারাকানজো নয়; ঘরের মাটিতে বিশ্বজয়ের আনন্দে ফেটে পড়লেন নেইমাররা!
বিশ্বাস হচ্ছে না? কিন্তু বিশ্বাস আপনাকে করতেই হবে। আর দশটা জ্যোতিষীর মতো ঝড়ে বক মরা ভবিষ্যদ্বাণী নয় এটা। বিশ্বের নামকরা অর্থনৈতিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস একেবারে চুলচেরা বিশ্লেষণ করে এই ভবিষ্যদ্বাণী করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি ২০১৪ বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করার জন্য প্রায় ১৪ হাজার আন্তর্জাতিক ম্যাচ বিশ্লেষণ করেছে এবং খেলোয়াড় ও দলের সম্ভাবনা নিয়ে নানা গাণিতিক হিসাব করেছে।
এসব হিসাব করে গোল্ডম্যান স্যাকস যে শুধু দুটি ফাইনালিস্ট ও বিজয়ীর নাম প্রকাশ করেছে, তা নয়; একেবারে প্রতিটা দলের বিশ্বকাপ ভাগ্য বলে দিয়েছে তারা। সে হিসেবে দ্বিতীয় পর্বে কারা কারা খেলবে, সেমিফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল কাদের পেছনে ফেলে আসবে; সব বলে দিয়েছে তারা। এমনকি বাজিকরদের মস্ত ‘সুবিধা’ করে দিতে তিন টপ ফেভারিটের নামও প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির হিসাবে এবারের বিশ্বকাপের টপ ফেভারিট দল যথারীতি ব্রাজিল—তাদের সম্ভাবনা ৪৮.৫ শতাংশ। গোল্ডম্যান স্যাকসের হিসাবে আসলে ব্রাজিলের আশেপাশেও কেউ নেই। মাত্র ১৪.১ শতাংশ সম্ভাবনা নিয়ে দ্বিতীয় ফেভারিট আর্জেন্টিনা এবং ১১.৪ শতাংশ সম্ভাবনা নিয়ে তৃতীয় ফেভারিট জার্মানি।
প্রতিষ্ঠানটি বিশ্বকাপের যে ‘ফলাফল’ প্রকাশ করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ থাকছে জার্মানি; যাদের তারা ২-১ গোলে হারিয়ে আসবে। আর আর্জেন্টিনা সেমিফাইনালে লড়বে স্পেনের বিপক্ষে। দীর্ঘকাল পরে সেমিফাইনালে ওঠা আর্জেন্টিনা এই পর্ব পার হবে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে জিতে। এর আগে ব্রাজিল দ্বিতীয় পর্বে নেদারল্যান্ডসকে ২-১ গোলে, কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায়। অন্যদিকে আর্জেন্টিনা দ্বিতীয় পর্বে ইকুয়েডরকে ২-১ গোলে এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ২-১ গোলেই হারিয়ে সেমিফাইনালে পৌঁছাবে।
এই ‘অতিনিশ্চিত’ সব ফলাফল প্রকাশ করে খুবই আত্মবিশ্বাসী ভঙ্গিতে জিনিসটা প্রকাশ করেছে গোল্ডম্যান স্মিথ। প্রতিষ্ঠানটির ক্রীড়া অর্থনীতি এবং অর্থনীতির তিন গবেষক জাঁ হাতজিয়াস, ভেন জারি স্টেন ও ডনি মিলার এই গবেষণাটির মুখবন্ধ লিখেছেন। সেখানে তারা বলেছেন, ‘বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দলটি নিজেদের মাটিতে বিশ্বকাপ জিতবে, অবশ্যই এতে বিস্ময়ের কিছু নেই। তবে আমরা এখানে ব্রাজিলের রেকর্ড আর নিজেদের মাটিকেই শুধু বিবেচনায় নেইনি। আরও অনেক ব্যাপার আছে।’
এমনিতে এখন পর্যন্ত এরকম পরিসংখ্যানভিত্তিক গবেষণা যতোগুলো হয়েছে, সবগুলোতেই ব্রাজিলকে চ্যাম্পিয়ন বলা হচ্ছে। যেমন আরেকটি প্রতিষ্ঠান বলছে, স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। ফুটবলের সবচেয়ে সফল দলকে নিয়ে এই অনুমান করার কারণ বোঝা খুব কঠিন নয়।
তবে ব্রাজিল সমর্থকদের জন্য সামান্য একটু খারাপ খবর আছে। এই গোল্ডম্যান স্যাকসের বিশ্বকাপ অনুমান কখনোই সত্যি হয়নি। গত বিশ্বকাপেও তারা ব্রাজিলকে জিতিয়ে দিয়েছিল। কিন্তু বাজিমাত করেছিল স্পেন।
এবার কী গোল্ডম্যান স্মিথ নিজে তার প্রথম শিরোপাটা জিততে পারবে?
