মহিলা ক্রিকেট লিগ অনেকদিন ধরেই হচ্ছে বাংলাদেশে। এবার ঢাকা লিগটা শুরু হল ঢাকা মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগ নামে। তবে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, তারা মহিলা ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে চান। সেজন্য দুই স্তরে ঢাকা লিগ আয়োজনের পরিকল্পনা শোনালেন পাপন।
গতকাল লিগের উদ্বোধন করার পর সভাপতি বললেন, ‘সমপ্রতি যে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ে গেল, সেখানে আমরা তাদের সবরকম সুযোগ সুবিধা দিতে পারিনি। তার পরও তারা অত্যন্ত ভাল খেলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহিলা ক্রিকেটে আমরা খুব তাড়াতাড়ি উপরে উঠতে পারবো। সেজন্য আমরা ঠিক করেছি, ছেলেদের ক্রিকেটে আমরা যেরকম সুযোগ সুবিধা দেই মেয়েদেরকে একই রকম সুযোগ সুবিধা দিব। আর সেই পরিপ্রেক্ষিতে আমরা পরিকল্পনা করেছি, এখানে যেহেতু ১৪টি টিম নিয়ে প্রিমিয়ার লিগ শুরু করছি, এখান থেকে ৮/১০ টিম নিয়ে আমরা প্রিমিয়ার ডিভিশন করবো। আর বাকিদের নিয়ে আমরা প্রথম বিভাগ করবো। যাতে খেলা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও মানসম্পন্ন হয়ে ওঠে।’
