কুমিল্লায় ধর্ষণের দায়ে আবু সাঈদ চৌধুরী ওরফে পারভেজ চৌধুরী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম জেসমিন আরা বেগম এ রায় দেন। আসামি আবু সাঈদ চৌধুরী পলাতক রয়েছে।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের এক কলেজ ছাত্রীকে মান্নান খান চৌধুরীর পুত্র আবু সাঈদ চৌধুরী ২০১২ সালের ২৮ মার্চ ধর্ষণ করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একই সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে সেই ছাত্রী অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। পরে তাকে বিয়ে না করে আবু সাঈদ চৌধুরী বিভিন্নভাবে টালবাহানা করতে থাকে। পরে এ ঘটনায় মামলা হয়।
