স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম মাতৃমৃত্যু হার কমাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেছেন, বর্তমান সরকার মাতৃমৃত্যুর হার কমাতে সক্ষম হয়েছে। এই হার শূন্যের কোঠায় আনতে হলে ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ধর্মীয় নেতৃবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই চত্বরে ‘নিরাপদ মাতৃত্ব মেলা’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং চ্যানেল আই এ মেলার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, মাতৃমৃত্যু রোধের ক্ষেত্রে বাংলাদেশ এমডিজি-৫ অর্জনের পথেই রয়েছে। তবে এজন্য আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। কারণ এখনো মা হতে গিয়ে বহু নারী মারা যাচ্ছেন। তিনি বলেন, মা হতে গিয়ে যাতে কাউকে অকালে জীবন দিতে না হয় সে লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। জনগণকে সম্পৃক্ত করে সবাই মিলে সমন্বিতভাবে কাজ করলেই কেবল এ অঙ্গীকার পূরণ করা সম্ভব।
অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। পরে স্বাস্থ্যমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
ভারতের স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন
ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। একই সঙ্গে তিনি হর্ষ বর্ধনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল বুধবার ভারতীয় মন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ আমন্ত্রণ জানান।
অভিনন্দন বার্তায় দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে বিরাজমান চ্যালেঞ্জ মোকাবেলায় যে লক্ষ্য ও কর্মসূচি নিয়ে আমরা কাজ করছি, তা অর্জনের জন্য সম্ভাব্য সকল ক্ষেত্রে দুই দেশের অংশিদারিত্বকে আরো মজবুত করা প্রয়োজন।
