নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর শতাধিক গুলি বর্ষণ

আপডেট : ২৮ মে ২০১৪, ২৩:০৭
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দৌছড়ি ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী পাইনছড়ি এলাকায় (বর্ডার গার্ড ব্যাটালিয়ন) বিজিবি সদস্যদের লক্ষ্য করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার গার্ড পুলিশ) বিজিপি শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করেছে। গুলি বর্ষণের পর ওই এলাকার নব গঠিত পাইনছড়ি বিওপির নায়েক মিজানুর রহমান নিখোঁজ রয়েছেন বলে বিজিবি সূত্রে জানা যায়। গতকাল বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দৌছড়ি ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী পাইনছড়ি এলাকায় বিজিবি বিওপি ক্যাম্পের কাছাকাছি স্থানে এসে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করে। প্রায় ৪৫ মিনিট পর্যন্ত এই গুলি বর্ষণ চলে বলে জানা যায়। এছাড়া মিয়ানমার সীমান্তের ৫২ পিলারে এ ঘটনা ঘটে। এসময় দায়িত্বরত পাইনছড়ি বিওপির নায়েক মিজানুর রহমান পোশাক পরিহিত অবস্থায় বন্দুকসহ ঘটনাস্থল থেকে নিখোঁজ হন। এ বিষয়ে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-পরিচালক (এডি) মোশারফ হোসেন বলেন, বিজিবির পাইনছড়ি বিওপির দায়িত্বরত সীমান্তের টহল দলের উপর মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ অতর্কিতে গুলি চালায়। এসময় প্রায় ১০০-১৩০ রাউন্ড পর্যন্ত গুলি বর্ষণ করে। এরপর পাইনছড়ি বিওপির নায়েক মিজানুর রহমান নিখোঁজ হন। গতকাল রাত ৮টা পর্যন্ত মিজানকে পাওয়া যায়নি। তবে এ ঘটনা উদঘাটন ও সুষ্ঠু সমাধান এবং নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে অবস্থান করছেন ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিকুর রহমান। পাইনছড়িসহ নাইক্ষ্যংছড়ি সীমান্তের সবকটি পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিজিবির টহল। উদ্ধার অভিযানের জন্য আলীকদম রিজিয়ন থেকে ৪০ সেনা ও বাড়তি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।