নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নূর হোসেনকে আশ্রয় দেওয়া ও ভারতে পালাতে সহযোগিতা করার অভিযোগে গ্রেফতারকৃত মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার বিকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার বিকালে যশোরের বেনাপোল এলাকা থেকে মশিউরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মশিউর যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের সেবাদত হোসেনের ছেলে। সে একই উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে ফেনসিডিল চোরাচালান সিন্ডিকেট প্রধান বাদশার অন্যতম সহযোগী।
সাত খুনের ঘটনায় পুলিশ গতকাল পর্যন্ত এজাহারভুক্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার পর থেকে পুলিশ সাবেক তিন র্যাব কর্মকর্তাসহ ২৮ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে তিন র্যাব কর্মকর্তাসহ ১৩ জনকে সাত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকী ১৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে ৫৪ ধারায়। বর্তমানে মশিউর রহমান ও তিন র্যাব কর্মকর্তা রিমান্ডে রয়েছে। অন্যদের বিভিন্ন দফায় রিমান্ড শেষে পাঠানো হয়েছে কারাগারে।
