বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীতে বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেছে বন্ধ হয়ে যাওয়া দুটি কারখানার শতাধিক শ্রমিক। গতকাল বুধবার বেলা ১২টায় বনানীর ‘নোভা অ্যাপারেল’ ও জয়দেবপুরের ‘গ্ল্যাজ নিটওয়্যার’ লিমিটেডের শ্রমিকরা দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করেন।
কারখানা দুটির শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানা বন্ধ করা হলেও শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করছে না মালিকপক্ষ। নোভা’র শ্রমিকদের বেতন আগামী ১০ তারিখে দেয়া হবে বলে গতকাল সন্ধ্যায় বিজিএমইএতে সমঝোতা হয়েছে। একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান ‘ইত্তেফাক’কে এ তথ্য জানিয়েছেন। গ্ল্যাজ নিটওয়্যারের সমস্যা সমাধানে ২ দিন সময় চাওয়া হয়েছে। গ্ল্যাজ নিটওয়্যারের শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কারখানাটি গত ২৬ মে বন্ধ করে দেয়া হয়। কারখানাটিতে ২ মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানাটিতে প্রায় তিনশ’ শ্রমিক কাজ করতো।
