এডিপি বাস্তবায়নে গতি সঞ্চার

আপডেট : ২৮ মে ২০১৪, ২৩:১৫
অর্থ বছরের শেষ ভাগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি ফিরেছে। দশ মাসে (জুলাই-এপ্রিল) সংশোধিত এডিপির ৫৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। আর শুধু এপ্রিলেই বাস্তবায়ন হয়েছে ১২ শতাংশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা যায়, দশ মাসে গত অর্থ বছরে ৫৪ শতাংশ বাস্তবায়ন হলেও এবার তা বেড়েছে। চলতি অর্থ বছরের আলোচ্য সময়কালে সরকারের নিজস্ব তহবিলের ২০৭৮৯ কোটি টাকা (বরাদ্দের ৫৪%) এবং প্রকল্প সাহায্যের ১২০২৩ কোটি টাকা (৫৭%) ব্যয় হয়েছে। বিভিন্ন সংস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যয় হয়েছে ১৭৪৪ কোটি টাকা, যা বরাদ্দের ৪৭ শতাংশ। ৬৩ হাজার ৭০৫ কোটি টাকার আরএডিপির মধ্যে দশ মাসে ব্যয় হয়েছে ৩৪ হাজার ৫৫৭ কোটি টাকা। আইএমইডির সূত্র জানায়, জানুয়ারি পরবর্তী সময়কালে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় এডিপি বাস্তবায়ন তার মূল ধারায় ফিরে এসেছে। এছাড়া সব অর্থ বছরেই শেষ ভাগে ব্যয়ের পরিমাণ তুলনামূলক বেশি হয়ে থাকে। অন্যদিকে শেষভাগে ব্যয় প্রবণতা বৃদ্ধি পাওয়ায় অর্থের অপচয় নিয়েও অনেকেই অভিযোগ করে থাকেন। সংশোধিত এডিপি বাস্তবায়নের চিত্রে দেখা যায়, ২০১৩-১৪ অর্থ বছরের প্রথম দশ মাসে বরাদ্দের শীর্ষে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে পিছিয়ে রয়েছে সেতু বিভাগ, বাস্তবায়ন মাত্র ২৫ শতাংশ। অন্যদিকে সড়ক বিভাগ বাস্তবায়ন করেছে ৪৮ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ৪৭ শতাংশ। বাস্তবায়নে এগিয়ে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৭০ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ ৬৩ শতাংশ, শিল্পমন্ত্রণালয় ৬০ শতাংশ, রেলওয়ে ৫৮ শতাংশ, বিদ্যুত্ বিভাগ ৫১ শতাংশ, পানি সম্পদ ও স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে। বরাদ্দ কম হলেও দশ মাসে ৪০ শতাংশ বা তার নিচে আরএডিপি বাস্তবায়ন করেছে এমন মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা ১২টি।