শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার সময় ব্যক্তিগত সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে শিক্ষার্থীদের যাতায়াতের সময় হাত খরচ বাবদ ৫০০ ডলার নেয়ার বিধান বাতিল করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগের এক প্রজ্ঞাপনে নতুন এ নির্দেশনা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়ার সময় ট্রাভেল কোটার অব্যবহূত বৈদেশিক মুদ্রা ছাড়করণের নির্দেশনা দেয়া হয়েছে। এতে করে এক শিক্ষার্থী যাতায়াতের সময় এক বছরের ভ্রমণ খরচ বাবদ সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বিদেশে নিতে পারবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গত ৬ এপ্রিল বিদেশ ভ্রমণে এক বছরে ব্যক্তিপর্যায়ের খরচ পাঁচ হাজার ডলার থেকে বাড়িয়ে ১২ হাজার ডলার করে। তবে সার্কভুক্ত দেশ ভ্রমণে ৫ হাজার ডলার এবং মিয়ানমার অথবা অন্যকোনো দেশ ভ্রমণে সর্বোচ্চ ৭ হাজার ডলার পর্যন্ত নেয়া যাবে। আর ১২ বছরের কম বয়সীদের ভ্রমণের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কের অর্ধেক পরিমাণ অর্থ বিদেশে নেয়া যাবে।
