ময়নাতদন্ত রিপোর্ট

কুমেক ডা. হাসিবুলকে মাথায় আঘাতে হত্যা

আপডেট : ২৮ মে ২০১৪, ২৩:১৭
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে জরুরি বিভাগের চিকিত্সক ডা. মো. হাসিবুল হক হাসানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এদিকে এ ঘটনার ২ মাসেও হত্যাকারীদের কাউকে গ্রেফতার করতে কিংবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। মামলার বাদী কুমেক হাসপাতালের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেল গতকাল বুধবার জানান, ডা. হাসিবুলকে খুনিরা মাথায় গুরুতর আঘাত করে হত্যা করে। এরপর আঘাতে তার মাথার খুলি ভেঙ্গে ভেতরে দেবে যায় বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ড সংঘটিত করার পর খুনিরা তার ব্যবহূত লেপটপ ও মোবাইল ফোন বাসা থেকে লুট করে লাশ ভেতরে রেখে ঐ কক্ষের দরজা বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে পালিয়ে যায়। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই সালাউদ্দিন জানান, ‘ডা. হাসিবের মোবাইল ফোনের সর্বশেষ কললিস্টের সূত্র ধরে তদন্ত কাজ চলছে।’ উল্লেখ্য, গত ৫ এপ্রিল ডা. হাসিবুল হক হাসানের অর্ধগলিত লাশ ঐ হাসপাতালের ‘মেঘনা’ নামে ৪র্থ তলা আবাসিক ভবনের (ডরমেটরি) নীচতলার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। ঐদিন বিকালে হাসপাতালের পরিচালক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।