বাজেটের আগে সাধারণত প্রতিবছর শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এ বছর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এ বছর বাজেট ঘোষণার আগমুহূর্তে শেয়ারবাজারের সূচক রয়েছে নিম্নমুখী ধারায়। আর লেনদেন চলে এসেছে তিনশ’ কোটি টাকার ঘরে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গতকাল দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও শেষদিকে কিছুটা বিক্রির চাপ বাড়ায় সূচক কমে গেছে। তাছাড়া বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগ কম করায় লেদেনের পরিমাণ খুব একটা বাড়েনি। এদিকে গতকাল বাজারে কয়েকটি কোম্পানি ঘিরেই বেশি লেনদেন হয়েছে। ডিএসই’র মোট লেনদেনের ২৮ ভাগ হয়েছে ৫টি কোম্পানি ঘিরে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) কিছুটা কমে ৪ হাজার ৪৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৩০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৯৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের।
এদিকে নয় কার্যদিবস পর বৃহস্পতিবার ওয়াটা কেমিক্যালের শেয়ার লেনদেন হয়েছে। এ দিন ৩ হাওলায় এ কোম্পানির ৫ হাজার ২০০টি শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত ১৫ মে ডিএসইতে এ কোম্পানির ২০০টি শেয়ার লেনদেন হয়। আগামী রবিবার ওয়াটা কেমিক্যালের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি) থেকে মূল মার্কেটে ফেরার কারণে অনেকে শেয়ারটি ধরে রাখছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। গত ১৪ মে মূল মার্কেটে ফিরেছে ওয়াটা কেমিক্যাল। এ দিন এ শেয়ারের প্রাথমিক দর নির্ধারিত ছিল ৪৯ দশমিক ৫ টাকা। দিনভর এ কোম্পানির মোট ৯৭ লাখ শেয়ার কেনার আদেশ দেয়া হলেও কেউ শেয়ার বিক্রি করেননি।
