আসছে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কৃষি খাতে বিশেষ প্রণোদনা দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে কৃষি খাত হতে অর্জিত আয়ের করমুক্ত সীমা বাড়াতে যাচ্ছে। বর্তমানে কৃষি খাত হতে অর্জিত আয়ের ৫০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত। এই সীমা দ্বিগুণ বাড়িয়ে এক লাখ টাকা বা তার চেয়ে বেশিও করা হতে পারে। আগামী ৫ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট ঘোষণাকালে এমন প্রস্তাব দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া আসছে বাজেটে ব্যক্তির কর গণনায় বিদ্যমান ধাপ আরো একটি বাড়তে পারে। বর্তমানে চার ধাপে কর গণনা করা হয়। ১০ শতাংশ থেকে শুরু করে ১৫ শতাংশ ২০ শতাংশ ও সর্বোচ্চ আয়ের অধিকারী করদাতাদের ২৫ শতাংশ হারে কর দিতে হয়। কিন্তু আসছে বাজেট ৩০ শতাংশের আরো একটি স্তর করা হচ্ছে। যেসব করদাতার আয় ৩ কোটি টাকার উপর তাদের ৩০ শতাংশ হারে কর দিতে হবে।
এছাড়া রপ্তানিতে প্রাপ্ত নগদ সহায়তার উপর করহার কমানো হতে পারে বলেও জানা গেছে। বর্তমানে রপ্তানির নগদ সহায়তার বিপরীতে ৫ শতাংশ হারে কর দিতে হয়। এটি কমিয়ে ৩ শতাংশ করা হতে পারে। রপ্তানির নগদ সহায়তার উপর থেকে বিদ্যমান কর প্রত্যাহার করার জন্য রপ্তানিকারকরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিল। বর্তমানে নতুন বাজারে রপ্তানির ক্ষেত্রে রপ্তানি মূল্যের উপর ২ শতাংশ হারে নগদ সহায়তা পেয়ে থাকেন রপ্তানিকারকরা।
