এজেন্ট ব্যাংকিং করার অনুমতি পেয়েছে বেসরকারি ব্যাংক এশিয়া ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ দুই ব্যাংককে এজেন্ট ব্যাংকিং এর অনুমতি দিয়েছে। এজেন্ট ব্যাংকিং এর আওতায় প্রাথমিকভাবে ব্যাংক এশিয়া সারা দেশে ৩০টি এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক ২০টি এজেন্ট নিয়োগ দিতে পারবে।
গতকাল অনুমোদন পাওয়ার আগে ২০১৩ সাল হতে পাইলট প্রকল্প হিসাবে ব্যাংক এশিয়া লিমিটেড মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার বিভিন্ন স্থানে আটটি, লৌহজং থানায় একটি এবং শ্রীনগর থানায় দুটি এজেন্ট নিয়োগ করে এ কার্যক্রম পরিচালনা করেছে। এ সকল এজেন্টের মাধ্যমে দুই হাজারের বেশি গ্রাহককে ব্যাংকিং সেবা দেয়া গেছে।
উল্লেখ্য এজেন্ট ব্যাংকিং হলো শাখার পরিবর্তে ব্যাংকের সাথে চুক্তি সম্পাদনকারী তৃতীয় পক্ষ তথা প্রতিনিধির মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করা। এক্ষেত্রে এজেন্টরা তাদের সেবা প্রদান কেন্দ্র থেকে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সীমিত আকারে ব্যাংকিং সেবা প্রদান করবে।
