ইসলামী ব ই প রি চি তি

আপডেট : ২৯ মে ২০১৪, ২০:৩৫
নাম : ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং লেখক : ইকবাল কবীর মোহন প্রকাশক : নার্গিস মুনিরা প্রকাশকাল : ২০১৪ (সপ্তমবার) প্রকাশনায় : জেরিন পাবলিশার্স রামপুরা, ঢাকা। প্রচ্ছদ : হামিদুল ইসলাম মূল্য: ৪০০ (চারশত) টাকা মাত্র। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ বিশ্বাসী মানুষেরা এই পৃথিবীতে কিভাবে জীবন যাপন করবে তা পুংখানুপুংখ আলোকপাত করা হয়েছে ইসলামী শরীয়তে। সেই মোতাবেক যারা জীবন যাপন করবে তাদের দুনিয়া ও আখেরাতের জীবন হবে সুন্দর, সাবলীল, সুখময় ও শান্তিময়। আলোচ্য ইসলামী অর্থনীতি ও ব্যাকিং গ্রন্থে লেখক বিশিষ্ট ব্যাংকার জনাব ইকবাল কবীর মোহন ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার ওপর একটি অভিসন্দর্ভ প্রনয়ন করেছেন। যা পাঠান্তে একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ইসলামী ব্যাংকিং সম্পর্কে স্বচ্ছ ধারনা লাভে ধন্য হতে পারবেন। কারণ ইসলামী অর্থনীতি হলো একটি সামাজিক বিজ্ঞান যা কুরআন ও সুন্নাহর আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করে। ইসলামী অর্থনীতির উত্স হচ্ছে পবিত্র কুরআন ও রসূল (স.) এর সুন্নাহ। ইসলামী অর্থনৈতিক দর্শনে রিবার কোনো স্থান নেই। কেননা রিবা এমন একটি অভিশাপ, যার ফলে অর্থ বা সম্পদ সমাজের গুটিকয়েক মানুষের হাতে গিয়ে জমা হয়। এর ফলে এক চেটিয়া বাজারের সৃষ্টি হয় এবং প্রতারণা ও শঠতার আবির্ভাব ঘটে। রিবার কারণে সমাজে স্বার্থপরতা, লোভ, অবিচার, ও জুলুমের দরজা খুলে যায়। দুনিয়া জুড়ে আজ যে অর্থনৈতিক শোষন ও সম্পদ হরণের বিভীষিকা চলছে তার প্রধানতম কারণ হচ্ছে রিবা বা সুদের ব্যাপক প্রচলন। গ্রন্থটিতে লেখক অর্থনীতি ও ইসলামী অর্থনীতি, ইসলামে উত্পাদনের উপাদান, রিবা ও এর শ্রেণি বিভাগ ইসলামী চুক্তি ও ক্রয়-বিক্রয়, ব্যাংকের উত্পত্তি ও ক্রমবিকাশ ব্যাংকের শ্রেণি বিভাগ ও এর কার্যাবলী, ইসলামী ব্যাংক ও এর উদ্দেশ্য, ব্যাংকের তহবিল উত্স ও এর ব্যবহার ব্যাংকের আমানত ও আমানতের হিসাব, ঋণের দলিল ও হস্তান্তরযোগ্য দলিল, চেক ও এর শ্রেণি বিভাগ, চেকের অর্থ প্রদান, চেক হস্তান্তকরণ, ব্যাংকের মাধ্যমে অর্থ প্রেরণ, ইসলামী বিনিয়োগ নীতি, শরীয়াহ পরিচালন, জামানত ও বন্ধক, বৈদেশিক বাণিজ্য ও প্রত্যয়নপত্র, বৈদেশিক বিনিময় ও বিনিময় হার, টাকার বিনিময়যোগ্য লেনদেন ও বাণিজ্যিক ভারসাম্য, প্রচলিত বীমা ও ইসলামী বীমা, ব্যাংকিং বিষয়ক টিকা, বিনিয়োগ শ্রেণিকরণ ও বিবিধ মেয়াদোত্তীর্ণ, পুনঃতফসীলকৃত অবলোকনকৃত বিনিয়োগ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। আমরা গ্রন্থটির বহুল প্রচার প্রত্যাশা করছি। জাকির হোসাইন আজাদী