গ্রন্থনা
আজহারুল হক ফরাজী
একান্ত বিচারে বিচিত্রজন
আহমদ রফিক
প্রচ্ছদ :নির্ঝর নৈঃশব্দ্য
মূল্য :২৫০ টাকা মাত্র
প্রকাশনায় :আদী প্রকাশন
মূলত সাহিত্য অঙ্গনের, সেই সঙ্গে রাজনীতিরও কিছু সংখ্যক বিশিষ্টজনের চিত্ররেখা ‘একান্ত বিচারে বিচিত্রজন’ বইটির উপজীব্য বিষয় । লেখকের চেনা ও বোঝার আলোয়, তার ভালো লাগার যুক্তিগ্রাহ্য বিন্দুগুলো ছুঁয়ে ছুঁয়ে আলোচ্য মানুষগুলোর চিত্রণ। এঁদের কারো কারো সঙ্গে ব্যক্তিক সর্ম্পক, এবং অনেকের সঙ্গে সাহিত্য সৃষ্টির নান্দনিক সম্পর্কের ভিত্তিতে রেখাচিত্র আঁকা। এ চিত্ররূপ প্রথাসিদ্ধ সাহিত্য সমালোচনা নয়, লেখকের ভালো লাগার সুতোয় গাঁথা। স্বদেশ-বিদেশের খ্যাতিমান এই সব ব্যক্তির পার্শ্বচিত্র পাঠকের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।
কালো মানিকের গল্প ও অন্যান্য
শামসু্জ্জামান খান
প্রচ্ছদ :নিয়াজ চৌধুরী তুলি
মূল্য :১৬০ টাকা মাত্র
প্রকাশনায় :রাত্রি প্রকাশনী
‘কালো মানিকের গল্প ও অন্যান্য’ গ্রন্থে অন্তর্ভুক্ত রচনাসমূহে লেখক ফুটবলের জাদুকর পেলে, রবীন্দ্রনাথ ঠাকুর, শেরে বাংলা একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জন এফ কেনেডি; দেশ-বিদেশের এমন বিশিষ্টজনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেছেন যা শিশু-কিশোরদের সৃজনশীল মনোগঠনে ভূমিকা রাখবে। এছাড়া লেখকের ব্যক্তিগত স্মৃতিচারণে উঠে এসেছে বাঙালির ভাষা আন্দোলন, ফুটবল থেকে শুরু করে আমাদের শিশু-কিশোর আন্দোলনের বিশ্বস্ত চিত্র। শিশু-কিশোরদের পাশাপাশি সব পাঠকেরই প্রিয় হয়ে থাকবে এই বই।
কালা পিশাচ
মোশতাক আহমেদ
প্রচ্ছদ :ধ্রুব এষ
মূল্য :১৫০ টাকা মাত্র
প্রকাশনায় :অনিন্দ্য প্রকাশ
বিশাল দেহের কালা কুচকুচে কুকুরটাকে দেখে আঁতকে উঠল লিয়া। এই কুকুরটাকে সে খুব ভয় পায়। কারণ, সে জানে এই কুকুরটা কুকুর নয়, ভয়ঙ্কর এক কালা পিশাচ। কখনো কখনো মানুষের অবয়ব নিয়ে আসে। যেভাবেই হোক এই কালা পিশাচটা তার ডান পা থেকে রক্ত খাবে। এ উদ্দেশ্যে কুকুররূপী কালা পিশাচটা কামড়ে তার ডান পায়ে দুটো ক্ষতেরও সৃষ্টি করেছে। পিশাচ তাড়াতে দুইজন ফকির ডাকা হলে দুজনই নিজেদের অক্ষমতা স্বীকার করে। এদিকে কালা পিশাচ জানিয়ে দেয় সে খুব শিগগির লিয়াকে নিষ্ঠুর আর নির্মমভাবে হত্যা করবে। কালা পিশাচের হাত থেকে শেষ পর্যন্ত লিয়া কি নিজেকে বাঁচাতে পেরেছিল?
